বর্ষবরণ অনুষ্ঠান ১৪২০
মানিকগঞ্জের গড়পাড়া সারথী কচি-কাঁচার মেলার নববর্ষ-১৪২০ বরণ অনুষ্ঠান স্থানীয় বাগানের বকুল গাছের তলে উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে শিশু-কিশোর ও অভিভাবকরা নতুন সাজে সজ্জিত হয়ে পানতা ইলিশ, ডিম-পটল, বেগুন, আলু, ডাল, করল্লা ভর্তা ও পায়েস ভোজন করে। এরপর সারথী মেলার পরিচালক অধ্যাপক আব্দুল মতিন রোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা পরিষদের সচিব মো. মিজানুর রহমান, মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, সাংবাদিক এ.কে আজাদ, মেলার উপদেষ্টা অসীম সাহা, কাজী শাহ আলম, শওকত আকবর হান্নান, মাহবুব আলম সিদ্দিকী, মো. মোসলেমউদ্দিন, মো. মঞ্জু মিয়া, নার্গিস পারভীন, মাহাবুব হোসেন পলাশ, আব্দুল আজিজ শাহিন, দুলাল পাল ও মেলার সংগঠক সিরাজুল ইসলাম ভুঁইয়া বক্তব্য রাখেন। বিকেল ৫টায় গড়পাড়া হাইস্কুল মাঠে গড়পাড়া এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সারথী মেলার ৫০ সদস্যের সাংস্কৃতিক দল শাহিন জব্বারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মিজানুর রহমান ।
সীতাইকুন্ড শিশু-কিশোর সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠান
সীতাইকুন্ড শিশু-কিশোর সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্থানীয় নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইরানী খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাছির আহম্মেদ। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিবরিয়া ফকির, সোহেল হাওলাদার, জিয়াউর রহমান, বায়েজীদ হোসেন কামাল, ইমদাদুল হক ফকির।
পান্তা ইলিশ খাওয়ার পরে বর্ষবরণের দলীয় সংগীত এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল- বাউল সংগীত, চিত্রাংকন, কুইজ এবং বাংলা হাতের লেখা প্রতিযোগিতা ও মঙ্গল শোভাযাত্রা।
কুইজ প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট ছয়-জনকে পুরস্কৃত করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সানজিদা আক্তার মীম, দ্বিতীয় স্থান অধিকার করে আনাম সাইয়ারা এবং তৃতীয় স্থান যৌথভাবে অধিকার করে শামীমা তালুকদার ও রেশমা সুলতানা। বাউল সংগীতে প্রথম হয় সাজেদুল ইসলাম, দ্বিতীয় হয় আনান সাইয়ারা। বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয় আনান সাইয়ারা, দ্বিতীয় হয় তানবীর হাওলাদার ও তৃতীয় স্থান অধিকার করে রাব্বি ফকির।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি এবং সংস্কৃতি পরিষদের প্রাক্তন সভাপতিদ্বয়।
ছিদ্দিক শুভ’র পুরস্কার লাভ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩ উপলক্ষে মিনা বাজার আয়োজিত ‘আমার বন্ধু’ রচনা প্রতিযোগিতায় ‘বি গ্রুপে’- আমির হামজা ছিদ্দিক শুভ পুরস্কার পেয়েছেন। এ উপলক্ষে গত ২৫ মার্চ ঢাকার বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়ীদ।
তার দাদা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এ.কে.এম আজহারউদ্দিন এবং তার নানা বিশিষ্ট লেখক, অনুবাদক ও সাংবাদিক মোস্তফা হারুন। তার পৈতৃক বাড়ি বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দাস্থ ‘রুমীবাগে’ অবস্থিত। আমির হামজা ছিদ্দিক শুভ বর্তমানে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ‘লিটল জুয়েলস নার্সারি ইনফ্যান্ট এন্ড জুনিয়র স্কুল’-এর ইংলিশ মিডিয়ামে ক্লাশ ওয়ানের ছাত্র। তার আসরের সদস্য নম্বর: ১৮৮৩।
