বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে নেত্রকোণার আটপাড়া উপজেলা অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ কম্পিউটার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আওয়াল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক এবং কর্মসূচির সমন্বয়কারী মোস্তাফা জব্বার, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং দেঁওগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি, ময়মনসিংহ শাখার ভাইস-চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান। সারাদিনের কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন, ভিডিও, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরণ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া প্রশ্নোত্তর পর্ব এবং কুইজও ছিল। প্রশ্নকর্তা এবং সঠিক উত্তরদাতাদের জন্য ছিল পুরস্কার। অনুষ্ঠানে আটপাড়ার ১৫টি স্কুল-কলেজ থেকে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানকে বিসিএস এবং বিজয় ডিজিটালের পক্ষ থেকে কম্পিউটার শিক্ষা সম্পর্কিত সফটওয়্যার ও ভিডিও টিউেটোরিয়াল উপহার হিসেবে প্রদান করা হয়।
