লন্ডনে সম্মানিত মৌ

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৩৬

 

আন্তর্জাতিক নৃত্য উত্সবে অংশ নিয়ে দেশে ফিরেছেন দেশের প্রখ্যাত মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। গত ২৮ এপ্রিল ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন ধন্য করো, ধন্য করো দহন দানে’ এ রবীন্দ্রসংগীত দিয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে শুরু হয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উত্সবের প্রথম দিন। অনুষ্ঠানের শুরুতে একুশ পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রয়াত নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে তাঁর প্রতিকৃতি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক নৃত্য উত্সবের দ্বিতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের তিন কন্যা শ্যামা, চণ্ডালিকা ও চিত্রাঙ্গদা অবলম্বনে নৃত্যনাট্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, তান্না খান, ফারজানা চৌধুরী বেবি, আমিরুল মনি, রোজমেরি মিতু রিবেইরো, সোহেল আহমেদ ও সোনিয়া সুলতানা। অপূর্ব মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়েছিল মিলনায়তন ভর্তি দর্শকের মধ্যে। সুরের ঝংকারে, নৃত্যের তালে তালে খ্যাতিমান নৃত্যশিল্পীদের অনিন্দ্যসুন্দর নৃত্যশৈলী উপভোগের মাধ্যমে এক স্মৃতিময় একটি সন্ধ্যা উপহার পেল লন্ডনের বাঙালি সংস্কৃতিপ্রেমীরা। দুই দিনব্যাপী এ নৃত্য উত্সবের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন কবি ও নাট্যপরিচালক টিএম আহমেদ কায়সার। আন্তর্জাতিক নৃত্য উত্সবে যোগদানের জন্য নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফারহানা খান তান্না, ফারহানা চৌধুরী বেবিকে গত ৩০ এপ্রিল লিডস সিটি কাউন্সিল এবং সাদিয়া ইসলাম মৌকে গত ১ মে বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিল নাগরিক সংবর্ধনা প্রদান করে। আনন্দঘন পরিবেশে লন্ডন বারা অব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের সংবর্ধনায় মৌয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেয়র কাউন্সিলর সনচিয়া এলেসিয়া ও কাউন্সিলর ফয়জুর রহমান।