ইরাকে শিয়া অধ্যুষিত এলাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১৮

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:১৫
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকায় সোমবার দফায় দফায় গাড়ি বোমা হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানান। সূত্র জানায়, ওইদিন মোট পাঁচটি স্থানে পর পর বোমা হামলা হয়। সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটে বাগদাদ থেকে ৩শ’ কিঃমিঃ দক্ষিণ পূর্বের আমারা শহরের দুইটি স্থানে। এখানে ৯ জন নিহত ও ডজনখানেক লোক আহত হয়েছে। একটি মার্কেট ও অন্য একটি স্থানে এ হামলা হয়। সেসময়ে লোকজন কাজের জন্য সেখানে জড়ো হচ্ছিল। আকস্মিক এ গাড়ি বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এরপরের বোমা হামলাগুলো হয় দিওয়ানিয়ারের বাজারে, কারবালায় এবং শিয়া অধ্যুষিত এলাকা মাহমুদিয়ায়। দিয়ানিয়াহর এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি তখন কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাত্ বোমার বিস্ফোরণে চারদিক প্রকম্পিত হয়ে যায়। আমার বাড়ির সব জানালার কাঁচ মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। আমি এ সময় হতভম্ব হয়ে যাই। আমি দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে দেখি বেশ কয়েকটা মৃতদেহ পড়ে আছে। সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে ইরাকে জঙ্গি হামলা আরো বাড়ছে বলে অনেকে মনে করছেন। যুক্তরাষ্ট্রের সেনারা একবছরেরও বেশি সময় আগে ইরাক ছেড়ে চলে যাওয়ার পর এখন দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে সরকার বিরোধী সুন্নি মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালালে সেখানে সহিংসতার মাত্রা বাড়তে থাকে।