কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সাজুল (২৫) এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ঝড়ে ৫০০ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ২ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ঝড়ে নিহত সাজুল (২৫) দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের মোস্তাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাস গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে ঘর চাপায় গুরুতর আহত হয় সাজুল। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহির হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষতির খবর পেয়ে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন। আহতদের প্রত্যেককে ৩০ কেজি চাল ও ৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন।
