নগরভিত্তিক যাত্রা গানের দল জয়যাত্রার পঞ্চয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট যাত্রা গবেষক ও বাংলা একাডেমির উপ পরিচালক ড. তপন বাগচী। অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. নিরঞ্জন অধিকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আকতারুজ্জামান। স্বাগত বক্তব্যে জয়যাত্রার অধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান কবির শাহীন বাংলাদেশর যাত্রা শিল্প বাঁচাতে পৃথক যাত্রা একাডেমি গঠনের দাবি তোলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পৃথক যাত্রা একাডেমি গঠনের জন্য যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জয়যাত্রার শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় বিপ্লবী যাত্রা পালা বীরকন্যা প্রীতিলতা। প্রধান নির্দেশকের দায়িত্ব পালন করেন জয়যাত্রার প্রধান নির্দেশক হাবিব সরোয়ার। পালা নির্দেশনায় ছিলেন হাসান কবির শাহীন। এতে উল্লেখ্যযোগ্য চরিত্রে অভিনয় করেন হাবিব সরোয়ার, মোর্শেদ ফারুক, বাদল, আজাদ, টিপু, শিল্পী কেয়া ও তপতী।
