চিকিত্সায় ৫০০ ব্যাগ রক্ত দিয়েছে বিএসএমএমইউ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫১
রানা প্লাজা ধসের ঘটনায় আহতদের চিকিত্সায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগ, নিউরো সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগ প্রস্তুত রাখা হয়েছে। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্দেশে গত শনিবার এ সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়েছে। এদিকে আহতদের চিকিত্সার জন্য গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫০০ ব্যাগ রক্ত পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গণজাগরণ মঞ্চের সহায়তায় এই রক্ত পাঠানো হয়েছে। রক্ত সংগ্রহ কার্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ, ভূঁইয়া, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জলি বিশ্বাস, ডা. আয়েশা খাতুন, ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহায়তা করেন। এছাড়া আহতদের চিকিত্সার জন্য গত বৃহস্পতিবার চিকিত্সক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। যারা সাভারে এনাম মিডিক্যাল কলেজের চিকিত্সকদের সঙ্গে সমন্বিতভাবে চিকিত্সা দিচ্ছেন। অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সাভারে ভবন ধসে নিহতদের আত্মার শান্তি কামনা ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি