বীরগঞ্জে পাঁচজনের লাশ দাফন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৫২
সাভার ট্রাজেডিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শোকের মাতম চলছে। এ পর্যন্ত ভবন ধসে উপজেলায় ৫ জনের লাশ দাফন করা হয়েছে। আহত একজনের চিকিত্সা চলছে, নিখোঁজ রয়েছে আরো ৩ জন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম সিদ্দিকী জানান, উপজেলার শিবরামপুর ইউনিয়নের দিঘলপোহড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফজলুল হকের একমাত্র পুত্র মোঃ সবুজ আহম্মেদ, সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের মৃত সুরত আলীর কন্যা মোছাঃ সায়লা আকতার, মোছাঃ রোজিনা খাতুন, পাল্টাপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের তোজ্জামেল হকের পুত্র মোঃ আবু হানিফ ও একই ইউনিয়নের ভোগডমা আদর্শপাড়া গ্রামের মোঃ আবেদ আলীর কন্যা মোছাঃ জবা আকতার প্রমুখ সাভারে রানা প্লাজায় ভবন ধসে মারা গেছেন তাদের লাশ ধ্বংসস্তূপ থেকে আনার পর গতকাল সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে দাফন করা হয়েছে। এই উপজেলার মরিচা ইউনিয়নের ব্রাহ্মণভিটা গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র মোঃ সোলায়মান আলী, বৌমা মুন্নি আকতার ও সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামের মতিয়ার রহমানের কন্যা সাবিনা ইয়াসমিন ঘটনার দিন থেকে নিখোঁজ রয়েছে। শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি গ্রামের গ্রাম পুলিশ বিদ্যাস চন্দ্র রায়ের পুত্র রবীন্দ্র নাথ রায় ঘটনার দিন আহত হয়ে মায়ের কোলে ফিরে এসেছে। এ ছাড়াও বীরগঞ্জে আরো অনেকে আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পুরো উপজেলা জুড়ে এখন শোকাহত পরিবেশ বিরাজ করছে।