সাভার ট্র্যাজেডি

আজ আইএলওর প্রতিনিধি দল ঢাকা আসছেন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২৩:০৪
সাভারে ভবন ধসের ঘটনায় ৩৮২ জন শ্রমিক নিহত ও প্রায় তিন হাজার শ্রমিক আহতের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। তাই এই হতাহতের ঘটনা সরেজমিনে পরিদর্শন করতে আইএলও’র উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিশেষ দল আজ বুধবার ঢাকা আসছেন। সংস্থাটির উপ মহাপরিচালক গিলবার্ট হং বো’র নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এই দলটি চার দিনের জন্য বাংলাদেশে আসবে। গতকাল মঙ্গলবার মতিঝিলের চেম্বার ভবনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইএফ প্রেসিডেন্ট ফজলুল হক। আইএলও’র প্রতিনিধিদল সাভারের ভবন ধসের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। সেখানকার শ্রমিকদের সঙ্গেও কথা বলবেন। বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন তারা। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় এবং পঙ্গু ও আহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন পরামর্শ দিবেন। বাংলাদেশের কোনো কারখানায় দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আইএলও’র শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার সফরের ঘটনা এই প্রথম।