১০ গুণীজনকে সম্মাননা প্রদান

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪০

নির্মল কুমার রক্ষিত

পটুয়াখালী প্রতিনিধি

 

সাংস্কৃতিক অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য পটুয়াখালীর ১০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৬ ও ২০১৭’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সম্প্রতি পটুয়াখালী শিশু একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মু. জসিমউদ্দিন, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার ও মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত। 

আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম সম্মাননা তুলে দেন ২০১৬-এর নাট্যকলায় কাজী আলমগীর, কণ্ঠসঙ্গীতে অসিত বরণ হালদার, যাত্রাশিল্পে সুরেন চন্দ্র দাস, আবৃত্তিতে ডা. মদন গোপাল পাল ও নৃত্যকলায় শাহরিয়া সারমিন। ২০১৭-এর যন্ত্রসঙ্গীতে বিপুল কান্তি দাস, লোকসঙ্গীতে মাজেদ বয়াতী, নাট্যকলায় অধ্যাপক এম নুরুল ইসলাম, যাত্রাশিল্পে আবদুস সালাম হাওলাদার ও কণ্ঠসঙ্গীতে মালা কর্মকার। অতিথিরা তাঁদের সম্মাননা পদক ও উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননাপত্র প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কাজী মো. কামরুজ্জামান।