টিভিতে কমবে, ইউটিউবে বাড়বে নাটক

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪৩

বিশ্বকাপ শুরুর কয়েকদিন পরই ঈদ। তাই এবার ঈদের বিশেষ অনুষ্ঠানের পরিসর কমছে। সে জায়গায় ঢুকছে খেলা ও বিশ্বকাপ বিষয়ক অনুষ্ঠানগুলো। কয়েকটি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে খেলা। সেগুলোতে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে টিভিতে নাটক, টেলিছবির সংখ্যা কমলেও ডিজিটাল স্ট্রিমিংয়ের জন্য ঠিকই নির্মিত হচ্ছে।

ঈদ চলাকালে গাজী টিভি দেখাবে বিশ্বকাপের খেলাগুলো। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ বলেন, ‘বিশ্বকাপ ও ঈদ অনুষ্ঠান দুটো মিলিয়েই আমাদের আয়োজনটা সাজিয়েছি। তবে খেলা বিষয়ক অনুষ্ঠানের সংখ্যাই বেশি থাকছে।’

যে চ্যানেলগুলো খেলা প্রচার করবে তারা বিশ্বকাপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও নির্মাণ করবে। এমন আয়োজন প্রচার করবে বাকি চ্যানেলগুলোও। টকশো, তর্ক-বিতর্ক, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করবে চ্যানেলগুলো। এগুলোতে ক্রীড়াব্যক্তিত্বদের পাশাপাশি শোবিজ তারকাদেরও দেখা মিলবে। তবে এসব অনুষ্ঠান প্রচারের কারণে টিভিতে নাটক, টেলিছবি ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের সংখ্যা কমবে। কিন্তু ঈদের বিশেষ নাটক, টেলিছবির সংখ্যা কমছে না। টিভির পরিবর্তে প্রচার হবে ডিজিটাল মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, টিভি কলাকুশলীরা আগের মতোই ব্যস্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয় ঈদের বিশেষ নাটক, টেলিছবির কাজ। মে থেকেই এই ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। নির্মাতা ও অভিনয়শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটক-টেলিছবির শুটিংয়ে। কারণ টেলিভিশন চ্যানেলগুলোর পাশাপাশি নির্মাতাদের আস্থা এখন ডিজিটাল মাধ্যম। অভিনেতা আফরান নিশো বলেন, ‘ইউটিউবের জন্য নির্মিত বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সামনে আরো কয়েকটির শুটিং আছে। সব মিলিয়ে ক’টি হবে সেটা এখন বলতে পারছি না। তবে খেলার জন্য কাজের চাপ একটুও কমেনি।’

অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘সারাবছরই ইউটিউবসহ বেশ কয়েকটি ডিজিটাল হিস্ট্রমিংয়ের জন্য নাটক বানানো হয়। এবার ঈদেও তাদের নাটকগুলোতে অভিনয় করছি। এগুলোতে ভালো গল্প পাওয়া যায়। বাজেটও ভালো।’ অভিনেতা অপূর্ব বলেন, ‘ঈদের নাটকের চাপ একটুও কমেনি। টিভি চ্যানেলের বাইরে কেবল ইউটিউবের জন্যই নির্মিত নাটকের সংখ্যা দিনদিন বাড়ছে।’

বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ডিজিটাল স্ট্রিমিংয়ের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেড়শ’ নাটক ও টেলিছবি আসবে। উল্লেখযোগ্য চ্যানেলগুলো হলো সিডি চয়েস, সিনেমাওয়ালা, সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট, সাউন্ডটেক, ঈগল মিউজিক, ধ্রুব টিভি, বঙ্গবিডি, ডেডলাইন এন্টারটেইনমেন্ট প্রভৃতি।

এবারো ইউটিউবের জন্য প্রায় ১০টি নাটক নির্মাণ করছেন মাবরুর রশীদ বান্নাহ। তিনি বলেন, ‘টিভির নাটকও এখন ইউটিউবে আসে। প্রচুর মানুষ নাটকগুলো দেখে। সেকারণে অনেক ইউটিউব চ্যানেল নাটক নির্মাণে এগিয়ে এসেছে।