প্র জ ন্মে র আ ই ক ন

শীর্ষ ছুঁয়ে চলা

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৫৬
মানুষ যেটা পছন্দ করে, তাকে তাই-ই করতে দেওয়া উচিত। পছন্দের কাজের মাধ্যমেই মানুষ তার সাফল্যকে সহজে করায়ত্ত করতে পারে। এই স্বীয় স্বাচ্ছন্দ্যবোধসম্পন্ন মানসিকতা ধারণ করেন আজকের সফল কর্পোরেট ব্যক্তিত্ব সাদাত আদনান আহ্মদ। বর্তমানে তিনি ব্র্যাকের বিকাশ সেকশনের সেলস স্ট্র্যাটেজি অ্যান্ড কমপ্লাইনের হেড হিসেবে কর্মরত আছেন। শুধুমাত্র নিজের মেধা এবং প্রচেষ্টার মাধ্যমেই নিজেকে পৌঁছে দিয়েছেন সফলতার শীর্ষে। ছোটবেলায় প্রায় সকলেই জীবনের লক্ষ্য নিয়ে অনেক রচনাই লিখেছেন, সেখান থেকেই হয়তো শুরু জীবনের ছক কষা। কিন্তু তিনি কখনোই নিজেকে এই ছকে ফেলেননি। জীবনকে কখনোই কোনো নির্দিষ্টতায় আটকে ফেলতে চাননি, বরাবরই নিজের ভালো লাগাকেই প্রাধান্য দিয়ে এসেছেন, কাজের মাঝে নিজের তৃপ্তি খুঁজেছেন। তাকে নিয়ে লিখেছেন ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু সাদাত আদনান আহ্মদের জন্ম ঢাকাতেই। এরপর কিছুদিন চট্টগ্রামে কাটালেও ঢাকায় সেন্ট যোসেফ হাইস্কুল থেকে ১৯৯৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন। এরপর নটরডেম কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র বিবিএতে। বিবিএতে পড়াকালীন সময়ে ৭ জন বন্ধুর একটি সার্কেল গড়ে ওঠে। আদনান জানান যে, এই বন্ধু সার্কেলটিই তার জীবন গঠনে বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। কেননা এই বন্ধুরা সবাই ছিল নানা ক্ষেত্রে জ্ঞানের দিক দিয়ে সমৃদ্ধ। ফলে আড্ডা দিলেও নানা বিষয়ে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে প্রত্যেকে নিজেকে ঋদ্ধ করতে পারতেন নানা দিক থেকে। আমাদের দেশে এত পেশা থাকতে আপনি কেন এই পেশাটা বেছে নিলেন? উত্তরে আদনান বলেন, ‘গ্লোবালি এই পেশাটার গুরুত্ব অনেক বেশি। আর অন্য সব দেশ থেকে আমাদের দেশে এর গুরুত্ব একটু বেশিই বলে আমার মনে হয়। আমি যখন এ পেশাতে অন্তর্ভুক্ত হয়েছিলাম, তখন এ পেশাটা আমাদের দেশে সম্পূর্ণ নতুন ছিল। এখনও আমাদের দেশে এ পেশাটা নতুনের মতোই আছে। সে জন্য এ জায়গাটাতে কাজের স্কোপ অনেক বেশি পাওয়া যায়। এখানে চ্যালেঞ্জটাও অনেক বেশি। সৃষ্টিশীল এ পেশাতে নিজের চিন্তা-চেতনাকেও কাজে লাগানোর যথেষ্ট সুযোগ আছে। এ সবকিছু মিলিয়ে আমি এই পেশাতে নিজেকে যুক্ত করি।’ এই পেশার প্রতি এ প্রজন্মের আগ্রহ কতটুকু বলে আপনি মনে করেন? উত্তরে তিনি বলেন, ‘এ প্রজন্ম এ পেশা সম্পর্কে কতটা ধারণা রাখে আমি জানি না। তবে আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব বাড়ছে এবং বাড়বে। তাই আমার মনে হয়, নতুন প্রজন্ম এই গুরুত্ব বাড়ার সাথে সাথে এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে আমি যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই তখন তাদের আগ্রহ দেখেছি। তারা এ পেশা নিয়ে আমার সাথে আলোচনা করতে চায়, যা এই পেশার প্রতি তাদের আগ্রহের একটা প্রতিচ্ছবি। দ্রুত সম্প্রসারণশীল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ছাড়া কোনো প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। কোনো কোম্পানি যদি সফলভাবে তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করতে পারে তাহলে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে আমি মনে করি।’ বন্ধুদের আড্ডাতেই তারা স্বপ্ন দেখতেন যে, সবাইকে একদিন যেকোনো কোম্পানির শীর্ষ পদে আসীন হতে হবে। সে লক্ষ্যেই তারা তাদের কর্মযজ্ঞ চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় আদনান গ্রামীণফোন, রবি, ওয়ারিদসহ নানা কোম্পানিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থেকে সাফল্যের সাথে কর্ম সম্পাদন করেছেন। আদনান স্বীকার করেন বন্ধুদের সাথে আড্ডা এবং মতামত বিনিময়ের মাধ্যমেই তার বিশ্লেষণ ক্ষমতা বেড়েছে, যা কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রেখেছে। আদনানের পরিবার থেকে সব সময় তাকে অনুপ্রেরণা দেওয়া হতো শেখার জন্য, গ্রেডসের জন্য তার উপর কোনো প্রেসার বা চাপ থাকত না। তাই আদনান স্বীকার করেন যে, ভালো ফলাফল করতেই হবে এমন চাপ না থাকায় তিনি নিজের মতো করে সবকিছু জানার চেষ্টা করেছেন। ফলাফল মধ্যমমানের হলেও তিনি সন্তুষ্ট ছিলেন এই ভেবে যে, শেখার জায়গায় তিনি শতভাগ সফল। নতুন প্রজন্ম সম্পর্কে আশাবাদ করে আদনান বলেন, ‘আমাদের কোলোনিয়াল মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ছোটবেলা থেকেই সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর থাকে তবে জাতির কর্মক্ষেত্রে এক ধরনের শূন্যতার সৃষ্টি হবে। অভিভাবকদের তাই সন্তানের মেধা, ইচ্ছাকে বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে, তাদের সন্তান কোন বিষয়ে কী করবে। আমাদের শিক্ষাব্যবস্থাকে মুখস্থ বিদ্যানির্ভর করে শিক্ষার্থীদের অনুধাবন, বিশ্লেষণমূক জ্ঞান বৃদ্ধিসহ বাস্তবভিত্তিক জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তা না হলে জাতির সার্বিক উন্নয়নে নতুন প্রজন্ম কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হবে। তাতে জাতি হিসেবে আমরা বর্তমান প্রতিযোগিতার বাজারে দিনকে দিন পিছিয়ে পড়ব।’ নতুন প্রজন্ম সম্পর্কে আপনার মূল্যায়ন কী? উত্তরে তিনি বলেন, ‘এখন যারা কাজ করছে তারা অনেক বেশি টেকনোলজি গ্রহণ করছে। এটা খুবই ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে—সৃষ্টিশীলতা নিজ থেকে তৈরি করতে হবে এবং তথ্যপ্রযুক্তি তাকে সাপোর্ট দিবে। কিন্তু শুধু টেকনোলজির সুবিধা বেশি নিতে গিয়ে নিজের সৃষ্টিশীলতাকে নষ্ট করা যাবে না। তবে আমি যা দেখেছি নতুনরা খুবই বুদ্ধিমান। তারা ইন্টারনেট, মোবাইল ইত্যাদিকে ব্যবহার করে অনেক অ্যাডভান্স কাজ করে। যা যেকোনো পেশার জন্য খুবই কল্যাণকর। তবে এর পাশাপাশি দেখা যায় অনেকের জ্ঞান অর্জনে আগ্রহ কম। এ জন্য বেশি বেশি বই পড়তে হবে। ব্যবহারিক জ্ঞান আহরণ করে তা ব্যবসায় কাজে লাগাতে হবে। নতুন যারা সংক্ষিপ্ত রাস্তা ধরে এই পেশায় সাফল্য অর্জন করতে চায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলব, জ্ঞানের কোনো বিকল্প নেই এবং অনেক পড়াশোনা ছাড়া এ পেশায় সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। যেহেতু এই প্রজন্ম আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে এবং একুশ শতকের চ্যালেঞ্জটা তাদেরই মোকাবিলা করতে হবে তাই তাদের প্রতি আমার পরামর্শ রইল, জ্ঞান অর্জন এবং টেকনোলজির সুবিধা গ্রহণ করে তাদের প্রকৃত সমন্বয় ঘটাতে পারলেই দেশ এগিয়ে যাবে।’ সবশেষে তার ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভবিষ্যত্ স্বপ্ন আমার দেশ, আমার পরিবার এবং আমার পেশাকে ঘিরেই। আমার কাজ দিয়ে আমি দেশকে কিছু একটা দিতে চাই। আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে থেকে তাদেরকে উদ্বুদ্ধ করারও একটা ইচ্ছা আছে।’