ছায়ানটে পাঁচ বছর রবীন্দ্রসংগীত-বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করবার সুযোগ এবং সমসময়ে ১৯৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘রবীন্দ্রনাথের গানের কবিতা’ শীর্ষক স্নাতকোত্তর গবেষণা সম্পাদন অভী চৌধুরীর কাছে রবীন্দ্রনাথকে প্রিয় করেছে। জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী থাকাকালীন তিনি আবদুল ওয়াদুদের কাছে রবীন্দ্রসংগীত শেখার দুর্লভ সুযোগ পেয়েছেন। সন্জীদা খাতুনের সান্নিধ্য এবং আনুকূল্য রবীন্দ্রনাথ সম্পর্কে ধারণা পেতে তার সহায়ক হয়েছে। ২০০৪-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শঙ্খ ঘোষের সঙ্গে ‘রবীন্দ্রনাথের গান :গানের তথ্য এবং গানের সত্য’ শিরোনামে পিএইচডি করবার সুযোগ সন্জীদা খাতুনের কল্যাণে তিনি পেয়েছিলেন। পরে সেই কাজটি তাকে বংলাদেশে এম.ফিল গবেষণা হিসেবে সম্পন্ন করতে হয়েছে, সরকারের কাছ থেকে ছুটি না পাওয়ায় তার যাওয়া হয়নি। ২০০২-এ গান নিয়ে তার প্রথম রচনাটি প্রকাশিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নালে। অনেকটা উপলক্ষগত কারণে দেশে এবং বিদেশে রবীন্দ্রনাথের গান নিয়ে বেশ কিছু গবেষণা-প্রবন্ধ তাকে লিখতে হয়েছে, যা তাকে রবীন্দ্রচর্চার সঙ্গে সংলগ্ন করেছে। আর, দীর্ঘ বিরতিতে হলেও, রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন কখনও বাংলা একাডেমীতে কখনও ছায়ানটে। ফলে রবীন্দ্রসংগীত পরিবেশনের ব্যাপারটি ভুলে যেতে পারেননি। অভী চৌধুরীর শৈশব কেটেছে পিছিয়ে-পড়া একটি গ্রামে। শিল্প-সংস্কৃতির চর্চা সেখানে ছিল না। বাবা-মা অনেক স্নেহ করতেন; তারা অনেক প্রশ্রয় দিয়েছেন তাকে, যা তার স্বাভাবিক বিকাশে সহায়ক হয়েছে।
বাংলাদেশে এই প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চার তাগিদ কতখানি বলে আপনি মনে করেন? উত্তরে অভী চৌধুরী বলেন, ‘এই প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীত পরিবেশনের আগ্রহটা বেশি লক্ষ করা যায়। রবীন্দ্রনাথের অপরাপর শিল্প নিয়ে গবেষণার প্রবণতা দুর্লক্ষ। পূর্ণায়তন রবীন্দ্রনাথকে ছিঁড়ে দেখা, অংশমাত্রকে দেখার তাত্পর্য যে নেই তা নয়। তা আমাদেরকে এক টুকরো আকাশ দেখার আনন্দ দিতে পারে, কিংবা অপার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবার বিস্ময় এনে দিতে পারে। আমার মনে হয় এই প্রজন্মের আগ্রহ রয়েছে সম্পূর্ণ রবীন্দ্রনাথকে জানার। একইসঙ্গে ভিন্ন ভিন্ন শিল্প-আঙ্গিকে রবীন্দ্রনাথের ক্রমযাত্রা ও পরিণতি জানা জরুরি।’
এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ শুধুই কি দিবস-ভিত্তিক হয়ে যাচ্ছে কী না এমন প্রশ্নে অভী চৌধুরী বলেন, ‘এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ‘দিবস-ভিত্তিক’, তা আমার মনে হয় না। ‘দিবস-ভিত্তিক’ রবীন্দ্রনাথ চর্চাকেও আমি স্বাগত জানাই। বৈশ্বিক চেতনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ যতটা শ্রদ্ধাযোগ্য ব্যাপার, তাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কেবল ‘রবীন্দ্রনাথ’কে নিয়েই একটি বিভাগ খোলা দরকার বলে আমি মনে করি।’
সবশেষে তার ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জীবনটাই একটা ‘স্বপ্ন’। মনে হয়, এই বুঝি-বা ঘুম ভেঙে যাবে, আর মনে হবে, স্বপ্নে আমি এ কী দেখছিলাম! আমার জীবনটা রবীন্দ্রনাথের গানের মতোই ভারহীন; এ জীবন-মরণদিনের থেকে প্রাণ পেয়ে জেগে উঠেছে। আত্মিক প্রসারণ ছাড়া সম্ভব নয় জীবন ও স্বপ্নকে একাকার করে দেখা। রবীন্দ্রনাথই আমার আত্মাকে সম্প্রসারিত করেছে।’
ফজলে এলাহি চৌধুরী
ডাক নাম :অভী চৌধুরী
জন্ম তারিখ ও স্থান :২১ ফেব্রুয়ারি, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ
মায়ের নাম :মাহবুবা খাতুন
বাবার নাম :হুমায়ূন কবীর চৌধুরী
প্রথম স্কুল :মজিদপুর দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনগর
প্রিয় মানুষ :সন্জীদা খাতুন
প্রিয় উক্তি :অলীক হলেও আশা রেখো, জীবনের সপক্ষে কিছু একটা ঘটবেই।
প্রিয় পোশাক :ফতুয়া, জিন্সপ্যান্ট।
অবসর কাটে যেভাবে :চিন্তা করে, মনে মনে লিখে।
প্রকাশিত গ্রন্থ :‘অবেলার গান’, সবুজপত্র প্রকাশনী, কলকাতা; ‘নিহিতার্থের খোঁজে’, মনফকিরা প্রকাশনী, কলকাতা; ‘একগুচ্ছ জুঁই’, কথাপ্রকাশ, ঢাকা।
সাফল্যের সংজ্ঞা :ব্যক্তিমানুষের অর্জনে যখন সমষ্টিগত চেতনা থাকে, তখন সে অর্জনকে ‘সাফল্য’ বলা যেতে পারে।
