ঝু মু র আ হ মে দ

আপডেট : ০৫ মে ২০১৩, ১৯:৫৯
বাবা ছিলেন একজন গায়ক। শৈশবে বাড়িতে সংগীতচর্চার অনুকূল পরিবেশ ছিল। ছায়ানট থেকে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। রবীন্দ্রসংগীতশিল্পী আবদুল ওয়াদুদে, সানজীদা খাতুন, ওয়াহিদুল হক, রাজশ্রী ভট্টাচার্যের সান্নিধ্যলাভ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতক (সম্মান) এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত বিষয়ে এমএ পড়াশোনা তাকে রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত করেছে। সম্প্রতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ড. খালেদ হোসাইনের তত্ত্বাবধানে ‘রবীন্দ্রসংগীতের বাণী, সুর ও ছন্দ’ শিরোনামে পিএইচডি করছেন। বলছিলাম প্রজন্মের মেধাবী রবীন্দ্রগবেষক ঝুমুর আহমেদ সম্পর্কে। সানজীদা খাতুন তার গবেষণার বিষয়টি নির্বাচন করে দিয়েছিলেন এবং তিনি তার গবেষণা কর্মে সহায়তা করছেন। আর জীবিকার প্রয়োজনে ইউডার সংগীত বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন তিনি। ছায়ানটে রবীন্দ্রসংগীত বিষয়ে ক্লাস নিতে গিয়ে রবীন্দ্রনাথের গান শেখানোর পাশাপাশি রবীন্দ্রনাথকে সঠিকভাবে জানানোর চেষ্টা করছেন। গান বিষয়ে তার একটি প্রবন্ধ সানজীদা খাতুন সম্পাদিত গবেষণা-পত্রিকা ‘বাংলাদেশের হূদয় হতে’-তে প্রকাশিত হয়েছে। ঝুমুর আহমেদের স্বামী একজন বাংলা সাহিত্যের শিক্ষক, কবি, গায়ক ও রবীন্দ্রসংগীতগবেষক; ফলে প্রতিনিয়তই তার সঙ্গে ঝুমুর আহমেদের রবীন্দ্রনাথের গান ও শিল্পের অপরাপর বিষয় নিয়ে আলাপ করবার সুযোগ হয়। অর্থাত্, জীবন এবং জীবিকার প্রয়োজনে রবীন্দ্রনাথ তার সাধনার বিষয় হয়ে উঠেছে। তার বেড়ে উঠা নানাবাড়িতে। অনেক গাছপালা ছিল সেখানে। বন্দরের পুকুরে, শীতলক্ষ্যা নদীতে সাঁতার কেটেই কেটেছে তার শৈশবের দিনগুলো। মামা বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন। তার প্রচুর বই ছিল, সেগুলো পড়বার সুযোগ পেয়েছেন। বাবার কাছে গান শিখেছেন শৈশব-কৈশোরে। বাংলাদেশে এই প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চার তাগিদ কতখানি বলে আপনি মনে করেন? উত্তরে ঝুমুর আহমেদ বলেন, ‘রবীন্দ্রচর্চা কোনো তাগিদের বিষয় নয়। ‘তাগিদ’ বলতে যদি ‘আগ্রহ’ বোঝানো হয়ে থাকে, তাহলে আমি বলব বাঙালিমাত্রেরই শিল্পকে, বাংলা সাহিত্যকে অনুধাবনে আগ্রহী হওয়া জরুরি। তবে, রবীন্দ্রনাথের মতো একজন সার্বভৌম প্রতিভার প্রতি আগ্রহ দেখানোর জন্যও কিছু প্রস্তুতি প্রয়োজন, নিজেকে তৈরি করে নেওয়া প্রয়োজন। ‘এ প্রজন্ম’ বলতে তো আমাদেরকেও বোঝায়। আমরা তো রবীন্দ্রনাথকে অনুধাবনের চেষ্টায় রয়েছি। ঢালাওভাবে রবীন্দ্রচর্চা ‘হচ্ছে’ বা ‘হচ্ছে না’ বলাটা অনুচিত। এ প্রজন্মের এমন কিছু কাজ হচ্ছে যা হয়তো জানিও না; আবার অনেক কাজ হচ্ছে, তা জানি, অথচ খুব কাজের কাজ হচ্ছে বলা কঠিন। প্রজন্মভেদে রবীন্দ্রচর্চার ধরনে কিছু প্রভেদ থাকবেই; তবে আমরা যেন শুদ্ধতা থেকে বিচ্যুত না হই সে দিকটা খেয়াল রাখা দরকার’ ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ভাবছি, আমার পিএইচডি গবেষণাটি জুনের মধ্যে শেষ করব। আর রবীন্দ্রসংগীত-গবেষণায় বাকি জীবন কাটিয়ে দিতে চাই। আমি যা পারিনি, আমি যা পারব না, আমার শিশুকন্যা মধুরা কোনো একদিন তা করতে পারবে এমন একটা আকাঙ্ক্ষা আমার রয়েছে।’ ঝুমুর আহমেদ ডাক নাম :ঝুমুর জন্ম তারিখ ও স্থান :৭ নভেম্বর, নারায়ণগঞ্জ মায়ের নাম :হাসিনা পারভীন বাবার নাম :সোহরাব আহমেদ প্রথম স্কুল :বন্দর শিশুবাগ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ। প্রিয় মানুষ :বাবা প্রিয় উক্তি :শিকড় সেই ফুল, যে ফুল খ্যাতিকে অবজ্ঞা করে থাকে। প্রিয় পোশাক :শাড়ি অবসর কাটে যেভাবে :রবীন্দ্রসংগীত-বিষয়ক বই পড়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব হচ্ছে না আপাতত। সাফল্যের সংজ্ঞা :ব্যক্তি-ভিন্নতায় সাফল্যের পথ ভিন্ন, ধারণাও পরিবর্তনশীল। ফলে, সাফল্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞার্থ আমার বোধে কাজ করে না।