আশৈশব রবীন্দ্রনাথের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ার সময় আগ্রহের মাত্রা আরও বেড়ে যায়। পরবর্তীকালে তার এম.ফিল গবেষণার বিষয় হিসেবে রবীন্দ্রনাথের পত্র সাহিত্যকে বেছে নেন। রবীন্দ্রনাথ সমস্ত জীবন ধরে অসংখ্য ব্যক্তিকে পত্র লিখেছেন। তার পত্রের সংখ্যা চার হাজারের অধিক। সাহিত্যে রবীন্দ্রনাথকে তিনি যেভাবে দেখেছেন তার চেয়ে আরও ঘনিষ্ঠভাবে তাকে দেখার সুযোগ পেয়েছেন এই সকল চিঠিপত্রে। তার গবেষণার বিষয় ‘রবীন্দ্রনাথের পত্র সাহিত্য :সাহিত্য, সমাজ ও শিল্প ভাবনা’। বলছিলাম প্রজন্মের মেধাবী রবীন্দ্র গবেষক গওহর গালিব সম্পর্কে। গবেষণার কাজ করতে গিয়ে দেখেছেন রবীন্দ্রনাথ কত মূল্যবান চিন্তাভাবনা করেছেন আমাদের সমাজ, সাহিত্য ও শিল্পকে নিয়ে। রবীন্দ্রনাথের উপর তার শ্রদ্ধা বেড়ে যায়, যখন দেখেন আজ হতে শত বছর আগে তিনি আমাদের দেশ সমাজ জাতি ও সংস্কৃতি নিয়ে যে মন্তব্য করেছেন তা এখন মিলে যায়। এসব বিষয়ের উল্লেখ তিনি রেখে গেছেন তার চিঠিপত্র। তিনি সুযোগ পেলেই রবীন্দ্রনাথকে নিয়ে লেখার চেষ্টাটাকে লালন করেন। ভবিষ্যতে রবীন্দ্রনাথের উপরেই তার পিএইচডি করার ইচ্ছা রয়েছে। গওহর গালিবের শৈশব-কৈশোর ছিল দুরন্ত ও উচ্ছল। শহরতলীতে বাস করলেও গ্রামীণ জীবনের আবহ তাকে লালন করেছে গভীর মমতায়। পড়াশোনার কোনো পারিবারিক চাপ না থাকায় স্বাধীনভাবে বেড়ে উঠার সুযোগ হয়েছিল তখন। পিতা ইংরেজি সাহিত্যের শিক্ষক হওয়ায় সাহিত্যের প্রতি ছোট থেকেই আগ্রহ ছিল প্রবল। শৈশবের যে স্মৃতি মনে পড়ে তাহলো সারদিন খেলাধুলা, রাতে সকলকে লুকিয়ে গল্পের বই পড়া। এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ শুধুই কী দিবস ভিত্তিক হয়ে যাচ্ছে? উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় তাই। কারণ প্রযুক্তিনির্ভর তারুণ্যের কাছে রবীন্দ্রনাথ শুধুই একজন কেতাবী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার মূল চেতনা থেকে এ প্রজন্ম অনেক দূরে অবস্থান করছে। এই দুরবস্থার জন্য সাংস্কৃতিক আগ্রাসন অনেকাংশে দায়ী।’
রবীন্দ্রনাথকে মনে-প্রাণে ধারণ করা সম্পর্কে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তে আমার চেতনাকে শানিত করে। আমার মানুষকে ভালোবাসার অনুপ্রেরণা আমি পেয়েছি রবীন্দ্রনাথের কাছেই। ‘ভালো-মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে’—তার এই বাণিকে মেনে চলতে সচেষ্ট থাকি সব সময়।’
সবশেষে গওহর গালিবের ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতদিন জীবিত আছি সাহিত্য সাধনায় নিজেকে নিবিষ্ট রাখতে চাই সব সময়। এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। তবে নিজের বিশ্ববিদ্যালয় অর্থাত্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার স্বপ্ন দেখি অতি সংগোপনে। আর মানুষের প্রতি বিশ্বাস রাখতে চাই মৃত্যুর পূর্ব পর্যন্ত।’
আসাদুল্লাহিল গালিব
ডাক নাম :গওহর গালিব
জন্ম তারিখ ও স্থান :১৮ অক্টোবর, রংপুর
মায়ের নাম :মঞ্জিলা বেগম
বাবার নাম :শহিদুল ইসলাম
প্রথম স্কুল :ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
প্রিয় মানুষ :লালন সাঁই
প্রিয় উক্তি :আমার এক চোখেতে নিদ্রা যায়, আর এক চোখে দেখে স্বপন।
প্রিয় পোশাক :ফতুয়া
অবসর কাটে যেভাবে :বই পড়ে ও লেখালেখি করে।
সাফল্যের সংজ্ঞা :স্বপ্নের সঙ্গে কখনও আপস করতে নেই।
