অবশেষে পেশাদার লিগের স্পন্সর ঘোষণা

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করেছে বাফুফের লিগ কমিটি। এই কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন ফিরতি পর্ব হবে টিভিএস অটোস প্রিমিয়ার লিগ নামে ।

এর আগে লিগের স্পন্সর করার কথা ছিল এমপি সিলভা নামের একটি প্রতিষ্ঠানের। কাল বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় এমপি সিলভার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্পোর্টস এই পৃষ্ঠপোষককে এনেছে। তারা বাফুফের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বলে জানিয়েছেন সালাম মুর্শেদী। প্রতি বছর চুক্তি নবায়ন হবে দুই পক্ষের সম্মতিতে। টিভিএস অটোসের এমডি একরাম হোসেন বলেছেন তারা যদি ভালো কিছু পান তাহলে আগামীতেও এখানে থাকবেন। ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনার প্রিমিয়ার লিগ ছাড়াও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, প্রথম বিভাগ ফু্টবল, দ্বিতীয় বিভাগ লিগেও স্পন্সর করবেন বলে জানিয়েছেন সালাম মুর্শেদী।