সংযোগ না পেয়ে বিদ্যুৎ কর্মীদের অবরুদ্ধ

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:২৪

যশোরে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীসহ চার কর্মীকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কর্মকর্তাদের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর তারা মুক্ত হন। বুধবার দুপুরে যশোর শহরের কারবালা মসজিদের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের পরে রাস্তার বিদ্যুতের মেইন লাইনের সমস্যার কারণে এলাকার অনেক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার তৃতীয় তলা বাড়ি এবং একটি দোকানে মোট তিনটি লাইনে বিদ্যুৎ সংযোগ দিতে লাইনম্যান জালাল ফকির আড়াই হাজার টাকা নেন। কিন্তু টাকা নিয়ে লাইন না দিয়ে আরও টাকার জন্য তালবাহানা করতে থাকেন। এভাবে তিনি ২০-২২ জনের কাছ থেকে পাঁচশ থেকে এক হাজার করে টাকা নেন। পরে স্থানীয়রা সংঘবদ্ধভাবে চাপ দিলে তারা লাইন দিতে বাধ্য হয়।

কিন্তু যারা টাকা দিতে পারেনি তাদের এখনও সংযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, লাইনম্যান জালাল ফকির ও জিয়াউর রহমানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

লাইনম্যান জালাল ফকির দাবি করেন, তিনি কারো কাছ থেকে ঘুষ নেননি। সংযোগ দেওয়ার পর খুশি হয়ে দু’একজন চা-নাস্তা খেতে দুই-একশ টাকা দিয়েছেন। 
 
ওজোপাডিকো’র ফিডার ইঞ্জিনিয়ার সোহেল রানা ও ইঞ্জিনিয়ার নসিরউদ্দিন বলেন, ডিস লাইনের কারণে ওই এলাকায় ১১টি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার রাতে ৮টি লাইনে পুনঃসংযোগ স্থাপন করা গেলেও থ্রি-ফেইজ লাইনের সমস্যার কারণে তিনটি লাইনে পুনঃসংযোগ স্থাপন বিলম্ব হচ্ছিল। এতে কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে জবাই করে হত্যা

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি