সাত হাজার মুরগি পুড়ে গেছে
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাউধেরখিল গ্রামে মঙ্গলবার গভীর রাতে নোহা পোল্ট্রি ফার্মে দুষ্কৃতকারীদের দেওয়া অগ্নিকাণ্ডে সাত সহস্রাধিক মোরগ সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। সূত্রে জানা যায়, খামারে সাত হাজার সোনালী জাতের ৪৫ দিন বয়সী মোরগ ছিলো। কেয়ারটেকার সোহেলকে রেখে খামার মালিক মো. মানিক মঙ্গলবার রাত ১২টার দিকে নিজ বসতঘরে ফিরে আসে। রাত দুটার দিকে খামারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই খামারের সকল মোরগ আগুনে পুড়ে মারা যায়। খামার মালিক মানিক মিয়া জানান, দুষ্কৃতকারীরা পেট্রোল নিক্ষেপ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে আমার বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারদেনা করে ফার্ম করেছি স্বাবলম্বী হওয়ার আশায়। এখন পথে নামার অবস্থা হয়েছে। রামগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মোতালেব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা নাশকতা এ অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। রামগঞ্জ থানার এস আই জহিরউদ্দিন বলেন, আমি রাতে টহলে থাকাবস্থায় অগ্নিকাণ্ড দেখে ফায়ার সার্ভিসে খবর দেই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড না কী নাশকতা তদন্ত করলে জানা যাবে।
