ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম চমক আলী (৪৪)। তিনি উপজেলার উসমানপুর ইউপির রাঙ্গাপুর গ্রামের মৃত গোলাম আলীর পুত্র। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করে।
জানা যায়, বুধবার দুপুরে চমক আলীর হাঁসের সাথে একই বাড়ির আলাল মিয়ার মোরগের লড়াই লাগে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়া ও তার ভাইসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চমক আলীর উপর। হামলায় চমক আলী গুরুতর আহত হন। চমক আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চমক আলীকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
