বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে একজন আহত

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৪৮

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল জলদী দুইল্যা ঝিরি পাহাড়ি এলাকায় বন্য হাতির হামলায় গুরুতর আহত ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে হাতির হামলায় গুরুতর আহত আবদুল মোনাফ (৩৫) উত্তর জলদী ৫নং ওয়ার্ডের বারিচা পাড়া এলাকার শামশুল ইসলামের পুত্র। জানা যায়, জঙ্গল জলদী দুইল্যা ঝিরি নামক পাহাড়ি এলাকায় নিজের পেঁপে বাগান পাহারা দিতে গিয়ে বন্য হাতির সম্মুখে পড়ে যায় আব্দুল মোনাফ। এ সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন্য হাতির হামলার শিকার আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার শিকার ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বন বিভাগে আবেদনের প্রেক্ষিতে তাকে যথাযথ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।