তেলা মাথায় তেল নয়, ভাঙা রাস্তা সংস্কার চাই

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫৬

বরিশালের পথে-ঘাট জুড়ে এক স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে—কিন্তু তার বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে শহরের মধ্য দিয়ে নির্মিত মূল সড়কের কারণে। বরিশালের শহরতলীর রাস্তা যাতায়াতের মূল উপায় হবার দরুণ ছোট ছোট যানবাহনের পাশাপাশি বাস-ট্রাকের মতো ভারী যানবাহনের বাড়তি চাপ নিতে গিয়ে রাস্তার বেহাল দশা। রাস্তা নির্মাণের সময়কার অনিয়ম, দুর্নীতি, নিম্ন মানের মালামাল ব্যবহার আর লুটতরাজের কারণে একদিক দিয়ে রাস্তা সংস্কারের কাজ শেষ হতে না হতে একই রাস্তা পুন পুন  সংস্কারের প্রয়োজন দেখা দেয়। হতবাক করা বিষয় হলো, কর্তৃপক্ষীয় লোকদেখানো উন্নয়নের তাগিদ, বাজেটের টাকা ভাগাভাগির তোড়জোড় কিংবা অপ্রকাশ্য কোনো কারণে মোটামুটি ৮০-৮৫ ভাগ ব্যবহার উপযোগী সচল রাস্তা কিছুদিন পরপর মেরামত চলছে যা  তেলে মাথায় তেল দেওয়া প্রবাদের বাস্তব প্রতিফলন মাত্র। প্রথমত, রুটের কোনো ঠিক নেই তার উপর ছোট্ট শহরে এত চাপ এক লেনের রাস্তায় সামলানো মুশকিল। ব্যবহার উপযোগী রাস্তাগুলোর উপর অহেতুক ঘষামাজা না করে ভাটিখানা, তালতলী, নবগ্রাম রোডসহ বরিশালের মারাত্মকভাবে বিনষ্ট রাস্তাগুলো অতিসত্বর মেরামত করে জনজীবনের দুর্ভোগ কমানোর জোর আবেদন জানাচ্ছি। 

মুক্তা আক্তার

শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়