২০০৭ সালে গোপালগঞ্জ জেলার মানিকদাহ মৌজায় সিও অফিসের পাশে ২৬ শতাংশ জমি তখনকার মূল্যে ৫ লাখ টাকায় ক্রয় করি। আমি সরকারি চাকরিজীবী। ইচ্ছে ছিল পেনশনে গিয়ে ৫ শতাংশের ওপর বাড়ি ও বাকি অংশে বাগান করে বসবাস করব। সবাই যেখানে ঢাকামুখী আমি সেখানে গোপালগঞ্জমুখী। কিন্তু ৪/৫ বছর আগে শুনতে পেলাম সরকারের গণপূর্ত বিভাগ আমার জমিসহ অন্যান্য জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প বানিয়ে প্লট আকারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার কিছু উঁচু কিছু নিচু জমি বালি ভরাট করে ফেলা হয়। আমার বাড়ি করার স্বপ্ন ব্যর্থ হয় এবং আমি আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হই। তাই আমি আর্থিক ক্ষতিপূরণ বাবদ বসবাস উপযোগী একটি প্লট চাই। আমার কষ্টে অর্জিত ক্রয় করা জমিতে অন্যে বসবাস করবে, আমি বসবাস করতে পারব না—এ কেমন কথা? আমার এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী সাহিদা আক্তার
প্রিন্সিপাল অফিসার,
বিডিবিএল, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা
০
