বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:৫৭

পবিত্র রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। গত সোমবার বিকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মেলার উদ্বোধন করেন। এ সময় ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম এবং মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।

এবারের মেলায় ৬২টি স্টল অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে থাকে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।