পুলিশের পোশাক পরে ইয়াবা পাচার গ্রেফতার ১

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় র্যাবের হাতে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে চাকরিচ্যুত এক পুলিশ সদস্য। ওই পুলিশ সদস্যের নাম মাহফুজুর রহমান। গত মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর আরামবাগ এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, সংঘবদ্ধ একটি মাদক ব্যবসায়ী দলের ওপর গোয়েন্দা নজরদারির সময় জানা যায়, কক্সবাজার থেকে মাদকের বড় চালান আসবে। এ তথ্যে কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল মঙ্গলবার আরামবাগ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। রাত ১০টার দিকে দেশ ট্রাভেলসের সন্দেহজনক বাসটি এসে থামে। বাসটি তল্লাশির সময় এএসআই র্যাঙ্ক ব্যাজ পরা মাহফুজুর রহমানকে পাওয়া যায়। তার চাকরিস্থল ও আইডি কার্ড দেখতে চাইলে সে জানায় তার কর্মস্থল পুলিশ সদর দফতর এবং তিনি একটি মামলায় চট্টগ্রামে সাক্ষ্য দিতে গিয়েছিলেন। তবে পোশাকে এএসআই এর র্যাঙ্ক ব্যাজ থাকলেও তার পরিচয়পত্রে তার পদ লেখা কনস্টেবল। তার জন্ম তারিখ ও বিপি নম্বরও মিলেনি।

র্যাব জানায়, এক পর্যায়ে মাহফুজুর রহমানকে তল্লাশির কথা বললে সে র্যাবকে চ্যালেঞ্জ করে। এ সময় কোম্পানি কমান্ডার তার ব্যাগ তল্লাশি করে আরো একটি কনস্টেবল পদের পরিচয়পত্র, ৩৮ হাজার ৮শ টাকা ও ১০ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।

পরে র্যাবের জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে একজন বহিষ্কৃত পুলিশ সদস্য। ২০১১ সালে খুলনা মেট্রোপলিটনে চাকরিরত অবস্থায় গুরুতর অপরাধের জন্য সে চাকরিচ্যুত হয় ও জেল খাটে। জেল থেকে বের হয়ে সে মাদক কারবারে জড়িয়ে পড়ে। প্রতিমাসে ২-৩ বার পুলিশের ইউনিফর্ম পরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে। তার বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানায় র্যাব।