অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নারী ও শিশুসহ আটক ৭

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:০৩

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৭ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন রোহিঙ্গা পুরুষ রয়েছে। এদের মধ্যে ৬ জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।

তলুইগাছা বিওপির হাবিলদার হুময়িন কবির জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সকাল ৬ টার দিকে তলুইগাছা মাঠপাড়া সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছাকাছি এলাকা থেকে নারী ও পুরুষসহ ৭ জনকে আটক করে। পরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,  আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। তাকে জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা স্মরনার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/বিএএফ