মনে যখন ঈর্ষা

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:১৯
এগিয়ে থাকা নিয়ে এক ধরনের স্নায়ু লড়াই হয়ে যায় ঘরে বাইরে, স্কুল-কলেজ-ভার্সিটিতে, অফিসে-ব্যবসাবাণিজ্যে সর্বত্রই। ‘আমিই বেস্ট’ এই বদ্ধমূল ধারণার পরেও যে একটি স্বাভাবিক সুন্দর চিন্তা থাকতে পারে তা তরুণরা মানতেই চায় না। এ সময়টাতে বিভিন্ন পরিস্থিতির কারণে তারা ইগো সমস্যায় ভোগে। এ নিয়ে আমাদের এবারের আয়োজনে লিখেছেন রিয়াদ খন্দকার আজকাল রোদেলার সঙ্গে ক্লাসমেট ছেলেদের প্রায়ই টক্কর লাগছে। পড়াশোনায় দারুণ ব্রিলিয়ান্ট রোদেলা পড়ছে নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে। তার সাবজেক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এসএসসি এবং এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করে এসেছেন তিনি। বিবিএ পড়তে এসেও শুরু থেকে তুমুল প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছেন রোদেলা। এখানেও তিনি চমত্কার রেজাল্ট করছে। তার আলাদা একটা পরিচিতি ছড়িয়ে পড়েছে ভালো ছাত্রী হিসেবে। রোদেলা নিজেও তার মেধা ও যোগ্যতা নিয়ে প্রচুর আত্মবিশ্বাসী। তার আত্মবিশ্বাস একটু বেশি হওয়ায় নানা সমস্যা দেখা দিয়েছে আজকাল। সহপাঠী অনেক ছেলেই একটি মেয়ের খুব ভালো রেজাল্ট করার ব্যাপারটি সহজভাবে মেনে নিতে পারছে না। এ নিয়ে তারা সব সময় রোদেলার পেছনে লেগে আছে। প্রায়ই টক্কর লাগছে। মানব সত্তা মূলত তিনটি মানসিক অবস্থার সমন্বয়ে গঠিত। যাকে আমরা মন বলি তা মূলত এটাই। এর একটি হলো ইড, অন্যটি ইগো এবং শেষটি সুপার ইগো। ইড মূলত মানুষের আদিম সত্তা হিসেবে কাজ করে। মানব মনের স্বভাবজাত চাহিদা পূরণে কাজ করে ইড। এটাকে অনেকটা ‘মন যা চায় তাই’-এর সাথে তুলনা করা যেতে পারে। সুপার ইগোকে বলা যেতে পারে মানুষের বিবেক। ইড যখন মানুষের কামনা-বাসনা পূরণে উদ্দীপ্ত করে, সুপার ইগো তখন তাকে বাঁধা দেয়। সুপার ইগো সব সময় মানুষকে মানবিক চাহিদার ঊর্ধ্বে থেকে ভালো কাজ করতে উদ্দীপ্ত করে। অন্যদিকে, ইগো হচ্ছে এই দুই অবস্থার একটি মধ্যবর্তী সত্তা। ইগো এবং সুপার ইগোর মধ্যে ভারসাম্য রক্ষা করে চলাই ইগোর কাজ। যে মানুষের ভিতর এই ভারসাম্য রক্ষাকারী ইগো সত্তা বেশি, স্বাভাবিকভাবে সমাজে তার অভিযোজন ক্ষমতা তত বেশি। ইগো না থেকে, কেবল যদি কারও ভিতর ইড কাজ করত, তাহলে সে অমানুষ বা উন্মাদ হয়ে যেত। আবার যদি কারও ভিতর কেবল সুপার ইগো কাজ করে, তাহলে সে সাধু-সন্ন্যাসী হয়ে যেত। ইগো এই দুই অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে। তরুণদের মাঝে ইগো ক্রাইসিসটা বেশি দেখা যায়। তবে বড়দের মধ্যে যে এই ক্রাইসিস নেই এটা বললে ভুল হবে। মেয়েদের চেয়ে ছেলেদের ইগো অনেক বেশি থাকলেও সেটা তারা প্রকাশ করে না। ছেলেদের একটা বদ্ধমূল ধারণা মেয়েরা দ্বিতীয় আর ছেলেরা সব সময়েই অদ্বিতীয়। ছেলেরা সব সময় মেয়েদের সামনে নিজের ব্যক্তিত্বটাকে বড় করে দেখাতে বা জাহির করতে পছন্দ করে। এটা যেন পুরুষের চিরন্তন স্বভাব। কেননা, নারী অবলা, নারী মানে শুধু ঘর-সংসার সামলানোর মানুষ। আর পুরুষ সে তো বাইরের জগতটাকে নিজের হাতের মুঠোয় রাখতে সর্বদা ব্যস্ত। তেমনি নারীরাও মনে করেন পুরুষের চেয়ে তারা সংসারে অনেক বেশি কাজ করেন, অনেক বেশি দায়িত্ব পালন করেন তারা। পুরুষ শুধু অর্থবিত্ত উপার্জন করেই খালাস। অথচ মেয়েদের সংসার সামলানো, সন্তান ধারণ ও লালন-পালনসহ অনেক পরিশ্রম করতে হয়। এই পৃথিবীতে নারী-পুরুষ উভয়কেই সমান মেধা দিয়েই সৃষ্টি করা হয়েছে—এ কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। নিজের মেধাকে কাজে লাগিয়ে একজন পুরুষ যেমন অদ্বিতীয় হতে পারে, তেমনি একটি মেয়েও তা করতে পারে। এটাই স্বাভাবিক এবং সত্য। যারা এই সত্যকে মানতে চায় না তাদেরকে বোকা বললে ভুল হবে না। নিজের পারসোনাল ইগোকে বড় করে দেখার মানে ব্যক্তিত্ববান হয়ে যাওয়া নয়। সেটা কোনোভাবেই উচ্চ মানসিকতার প্রকাশ ঘটায় না। বরং তা এক ধরনের হীনম্মন্যতার পরিচায়ক। তরুণ-তরুণীদের পারসোনাল ইগো তৈরির স্থান প্রথমেই হলো তার পরিবার। পরিবারের সদস্যদের বিভিন্ন আচরণে বিক্ষুব্ধ হয়েই একটি ছেলে বা মেয়ের ভেতরে ইগো তৈরি হয়। যেমন—কিছু ক্ষেত্রে ছেলের শখ পূরণ করা হলেও মেয়েরটা করা হয় না। মাছের মাথাও দেয়া হয় ছেলেদের পাতেই। ছেলেকে দামী স্কুলে পড়ানো হয়। এসব কারণে মেয়েদের পারসোনাল ইগো তৈরি হওয়াটা স্বাভাবিক। যদিও এ ধরনের মনোভাব প্রদর্শন করাটা কোনোভাবেই উচিত নয় পরিবারের অভিভাবকদের। সন্তান লালন-পালনে সব সময়ে ছেলে-মেয়ে উভয়কে সমান গুরুত্ব দিয়ে বড় করে তুললে তারা ইগো ক্রাইসিসে ভুগবে না। বন্ধুবান্ধবের নানা ধরনের আচরণের কারণেও তরুণরা ইগো ক্রাইসিসে ভুগতে পারে। ছেলে বন্ধুটি মেয়ে বন্ধুটির সঙ্গে রূঢ় আচরণ করলে ওই মেয়েটির মধ্যে পারসোনাল ইগো তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। অনেক সময় এক বন্ধু তার মনের কথা ছেলে বন্ধুটির সঙ্গে অবলীলায় শেয়ার করলেও মেয়ে বন্ধুর সঙ্গে কখনও শেয়ার করে না। মেয়েরাও তেমনি। এটা ছেলেমেয়ে উভয়েরই পারসোনাল ইগো। এই পারসোনাল ইগোকে নেতিবাচকভাবে না দেখলেও চলে। তবে ছেলেরা যদি মেয়েদের গুরুত্বহীন মনে করে, তা কোনোভাবেই ঠিক হতে পারে না। বন্ধু হিসেবে উভয়েরই গুরুত্ব সমান এবং মতামত সঠিক হলে মেনে নেওয়া উচিত। এটা আসলে বন্ধুত্বের মন্ত্র। মানুষের ইগো সৃষ্টি হওয়া বা চাঙ্গা হওয়ার পেছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভাষা। এটি আমার সর্বশেষ উপলব্ধি। যা থেকে আমি একটি মূল্যবান শিক্ষা লাভ করেছি। এখানে ভাষার মিষ্ট বা তিক্ততা বোঝা যাবে উপস্থাপনে। আর শ্রোতার দৃষ্টিভঙ্গির ওপর। তবে দু’জনেরই দৃষ্টিভঙ্গি যেমন হোক না কেন উপস্থাপনে যদি সতর্ক হওয়া যায় তাহলে ইগো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পরিবেশ পরিস্থিতির কারণে মানসিকভাবে এই ইগো সমস্যা তরুণদের চিন্তায় বাসা বাঁধে। এই চিন্তাকে দূরে ঠেলে সবার উচিত পারসোনাল ইগোর জটিলতা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসা। একে অন্যের মেধা ও যোগ্যতার মূল্যায়ন ও সম্মান জানানো।