‘আই অ্যাম নাম্বার ফোর’ খ্যাত অভিনেতা অ্যালেক্স ছোট পরিসরের নাটক, টেলিভিশনে থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। আর সময়ের হাত ধরে আজ তিনি একজন বিখ্যাত অভিনেতা। অভিনয় করে তিনি বেশ কিছু ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড ও একটি এম্পায়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম
আলেকজান্ডার রিচার্ড অ্যালেক্স পেটিফার একজন ইংরেজ অভিনেতা ও মডেল। ২০০৬ সালে ‘স্টর্মব্রেকার’ চলচ্চিত্রে অ্যালেক্স রাইডারের চরিত্রে অভিনয়ের আগে তিনি স্কুলের নাটক ও টেলিভিশনে অভিনয় করতেন। এই চরিত্রে তিনি বারবেরির একাধিক বিজ্ঞাপনেও মডেলিং করেছেন। ২০১১ সালের একটি কল্পবিজ্ঞান অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘আই অ্যাম নাম্বার ফোর’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ গল্পের আধুনিক রূপে পুনর্কথন ‘বিস্টলি’ তার অভিনীত চলচ্চিত্র।
শুরুর কথা
পেটিফার হার্টফোর্ডশায়ারের স্টিভেনেজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইন্টেরিয়র ডেকরেটর লি আয়ারল্যান্ড (রিচার্ডসন) ও অভিনেতা রিচার্ড পেটিফারের পুত্র। পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তার মা প্রপার্টি ডেভেলপার মাইকেল আয়ারল্যান্ডকে বিয়ে করেন। তার সত্ ভাই জেমস আয়ারল্যান্ড একজন জুনিয়র টেনিস খেলোয়াড়। পেটিফারের ছেলেবেলা কেটেছে বার্কশায়ারের উইন্ডসরে। নিউ ইয়র্ক সিটিতে একটি খেলনার দোকানে রালফ লরেনের সঙ্গে সাক্ষাতের পর মাত্র সাত বছর বয়সে তিনি গ্যাপ ম্যাগাজিনের জন্য শিশু ফ্যাশন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। কয়েকটি ইয়োগার্ট ব্র্যান্ডের জন্যও তিনি বিজ্ঞাপন করেছেন। স্কুলে তিনি নিয়মিত নাটকে অভিনয় করতেন। স্কুলের প্রযোজনায় ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট’ ফ্যাক্টরি নাটকে তিনি উইলি ওয়াঙ্কা চরিত্রে অভিনয় করেছিলেন। পেটিফার দুটি জুনিয়র ইন্ডিপেনডেন্ট স্কুলে লেখাপড়া করেন। পরে তিনি অন্য দুটি ইন্ডিপেনডেন্ট বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছিলেন। জিসিএসইএস করার পর তিনি সিলভিয়া ইয়াং থিয়েটার স্কুলে যোগদান করেন।
ক্যারিয়ার
২০০৫ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করার পর, পেটিফার প্রথম বাণিজ্যিকভাবে অভিনয় করেন ব্রিটিশ টেলিভিশন প্রযোজনার ‘টম ব্রাউন’স স্কুলডেজ’ চলচ্চিত্রে। এখানে তিনি প্রধান চরিত্র টম ব্রাউনের ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেছিলেন। ২০০৫ সালের জুন মাসে তিনি তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এটি ছিল অ্যান্টনি হরোউইটজ রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত স্টর্মব্রেকার চলচ্চিত্রের কিশোর এমআই ৬ স্পাই অ্যালেক্স রাইডারের চরিত্র। ৫০০ জনের অডিশন নিয়ে তাকে এই চরিত্রের জন্য বাছা হয়। এই সময় পেটিফারকে এরাগন ছবিতে একটি ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পেটিফার ‘স্টর্মব্রেকার’ ছবিটি বেছে নেন মূলত তিনটি কারণে, প্রথমত, ‘স্টর্মব্রেকার’ ব্রিটেনে শুট করা হয়, কিন্তু এরাগন শুট করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। দ্বিতীয়ত, পেটিফার উচ্চতা ভয় পান এবং তৃতীয়ত, ‘স্টর্মব্রেকার’ ছবির চরিত্রটির চেহারা তার বেশি ভালো লেগেছিল। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, তিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই রুচিশীল কাজ করতে পছন্দ করেন। ‘স্টর্মব্রেকার’ ২০০৬ সালের ২১ জুলাই যুক্তরাজ্যে, ২০০৬ সালের ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে ও ২০০৬ সালের ২১ সেপ্টম্বর অস্ট্রেলিয়ায় মুক্তি পায়। এরপর তিনি ‘ওয়াইল্ড চাইল্ড’ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটির শুটিং হয়েছিল ক্যালিফোর্নিয়া, কেন্ট ও ইয়র্কশায়ার। একটি অংশের শুটিং হয় কেন্টের কোবহ্যাম হল গার্লস স্কুলে। তিনি ফ্রেডি কিংসলে নামে এক স্কুলছাত্রের ভূমিকায় অভিনয় করেন। তার বিপরীতে অভিনয় করেন এমা রবার্টস। ২০০৯ সালে তিনি হরর-কমেডি ‘টরমেন্টেড’ ছবিতে অভিনয় করেন। তিনি অ্যালেক্স ফ্লিন রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বিস্টলি’ চলচ্চিত্রে মেরি-কেট ওলসেন, ভেনেসা হাডজেনস ও নেইল প্যাট্রিক হ্যারিসের সঙ্গে অভিনয় করেন। ছবিটি ২০১১ সালের ৪ মার্চ মুক্তি পায়। পেটিফার ‘আই অ্যাম নাম্বার ফোর’ চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেন। ছবিটি ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায়। এই ছবিতে তিনি টিমথি অলিফ্যান্ট, ডায়ানা অ্যাগরন ও টেরেসা পামারের সঙ্গে অভিনয় করেছেন। ছবিটি পরিচালক ডি জে ক্যারুসো, প্রযোজক মাইকেল বে ও কার্যনির্বাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ।
