আড্ডা

স্যাটেলাইট থেকে আমরা কী শিখছি?

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:২১
বিজ্ঞানের এ যুগে বিনোদনের মাধ্যম হিসেবে স্যাটেলাইট একটি বড় জায়গা জুড়ে স্থান করে নিয়েছে ইতোমধ্যেই। এই বিস্তারে ছোট-বড় সকলেই এখন দিনের একটা উল্লেখযোগ্য সময় কাটায় স্যাটেলাইট বিনোদনে। ঘরে ঘরে টিভি আর হাতে হাতে রিমোট কন্ট্রোল হলো এ সময়ের বাস্তবতা। প্রশ্ন জাগে, স্যাটেলাইটের এ বিস্তার কি আশীর্বাদ নাকি অভিশাপ? আর এ প্রশ্ন নিয়ে কয়েকজন মিলিত হয়েছেন এক আড্ডায়। মিলন :স্যাটেলাইট থেকে আমরা এখন অনেক সহজে অনেক সংবাদ পেয়ে থাকি। পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে কী ঘটছে তা স্যাটেলাইটের আশীর্বাদেই পেয়ে যাই। সে জন্য আমি মনে করি, স্যাটেলাইট আমাদের জীবনকে তথ্যসমৃদ্ধ করে তোলে। যা দ্বারা আমাদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণতা লাভ করে। নিলু :বর্তমান সময়ের দিকে তাকালে আমরা কী দেখতে পাই? স্যাটেলাইটের মাধ্যমে আমরা নানা অপসংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি। এখন টেলিভিশন খুলেই আমরা হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল ইত্যাদি দেখছি। যার ফলে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আজ থেকে কয়েক বছর পরই দেখা যাবে আমাদের সংস্কৃতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। নিলয় :বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই যেমন ভালো দিক রয়েছে তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। এখন আমরা বিজ্ঞানের এই আবিষ্কার থেকে কী নিচ্ছি, আর যা নিচ্ছি সেটা কি ভালো নাকি মন্দ, তা একান্ত আমাদের উপর নির্ভর করে। তবে আমি যা বলতে চাই, সবকিছু মিলিয়ে আমি মনে করি, স্যাটেলাইট আমাদেরকে অনেক অ্যাডভান্স করে দিয়েছে। দেশ-বিদেশের কৃষ্টি, কালচার, সংবাদসহ আরো অনেক কিছু্ই এখন আমরা আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে খুব অল্প সময়েই পেয়ে থাকি। রিয়া :আমি মনে করি, স্যাটেলাইট আমাদের জন্য ভালো কিছুর চেয়ে খারাপ কিছুই বেশি দিয়েছে। আমাদের এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা বিদেশের উচ্ছৃঙ্খল চলাফেরা দেখে তাদের নিজস্ব কালচার ভুলে গিয়ে ওই সব অপসংস্কৃতি রপ্ত করার চেষ্টা চালাচ্ছে। যার ফলে আমরা আমাদের নিজস্বতা হারাতে বসেছি। এখনকার অনেক ছেলেমেয়েই জানে না, তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রার পরিধি। আমরা এই স্যাটেলাইটের কুদৃষ্টিতে পড়ে আমাদের ভাষা, আমাদের জীবন যাত্রা, চিন্তা-ভাবনার আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। যার ফলে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি।