নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে লালমাটিয়ার ঐতিহ্য—লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়। সেটি যেমনি ঈর্ষণীয় ফলাফলে, তেমনি গর্বিত ক্যারিয়ারে এবং ঘরে বাইরের শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম তথা প্রতিযোগিতায়ও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতি সেশনেই অনার্স-মাস্টার্স পরীক্ষায় এদের শতাধিক শিক্ষার্থী প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং ২০০৮ সালের অনার্স ফাইনালে (জাতীয় বিশ্ববিদ্যালয়) প্রথম স্থান অর্জনকারী শান্তা খানম ও জেসিকা রিনি গমেজ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অত্যন্ত সম্মানজনক ভিসি অ্যাওয়ার্ড লাভ করেন। এরা এই কলেজেরই নিয়মিত ছাত্রী। শুধু এখানেই শেষ নয়, এদের অর্থনীতির আরেক শিক্ষার্থী উম্মে কুলসুম (বিথী) অনার্সে সারা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং মাস্টার্সেও প্রথম স্থান লাভ করেন। ২০০৮-এ উল্লিখিতদের পাশাপাশি মোট ১৮ জন প্রথম শ্রেণী লাভ করেন। এ জাতীয় অসংখ্য গৌরবগাথা রয়েছে এই কলেজের। কিন্তু আফসোসের বিষয় হলো এ সবই রয়ে যাচ্ছে অজানা। কিছুটা আফসোসের সুরে বললেন অত্র কলেজের অধ্যক্ষ, মো. রফিকুল ইসলাম। অবশ্য সে জন্য তিনি নিজেদের প্রচার বিমুখতাকেই দায়ী করেন তিনি। এই কলেজের ভিন্নতা ও বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মূল বিশেষত্ব হচ্ছে, নিবেদিত প্রাণ অভিজ্ঞ শিক্ষদের আন্তরিকতাপূর্ণ তত্ত্বাবধানে অপেক্ষাকৃত দুর্বল ছাত্রটিকে স্পেশাল কেয়ারে সামনের সারিতে নিয়ে এসে সবাইকে সমান তালে এগিয়ে নেওয়ার প্রাণান্তকর চেষ্টা আমরা অব্যাহত রাখি। বিশেষ করে আমরা বাছাই করে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিয়ে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জনের জন্য ব্যতিব্যস্ত নই।’
১৯৬৬ সালের শেষার্ধে মাত্র ২৫ জন ছাত্রী ও ৫ জন শিক্ষক নিয়ে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম এই পোস্ট-গ্র্যাজুয়েট কলেজটি ঢাকা মহানগরীর উত্তর-পশ্চিমাঞ্চলে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, রায়ের বাজার ও শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত মেয়েদের উচ্চশিক্ষা লাভের সর্বোন্নত ও ঐতিহ্যবাহী কলেজ, যার বর্তমান ছাত্রী সংখ্যা ৪ হাজারের উপরে। প্রায় ৮ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজের রয়েছে, সুরম্য একাডেমিক, প্রশাসনিক, আবাসিক এবং লাইব্রেরি ভবন। এখানকার দায়িত্বপ্রাপ্ত নিবেদিতপ্রাণ অধ্যাপক-অধ্যাপিকাগণ অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ। কলেজের সুবিশাল গ্রন্থাগার ও বিজ্ঞান গবেষণাগারটি অসংখ্য পুস্তক ও অন্যান্য সরঞ্জামাদি দ্বারা সুসজ্জিত। একই সাথে সহ-শিক্ষামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই কলেজের শিক্ষার্থীদের রয়েছে অগ্রণী ও প্রশংসনীয় ভূমিকা। একই সাথে বছরান্তে রয়েছে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষা সফরের মতো সুবর্ণ সুযোগ।
এই কলেজ থেকে বিভিন্ন বিষয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক এবং বাংলা, ইংরেজি, দর্শন, ইসলামিক স্ট্যাডিজ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে মাস্টার্স ডিগ্রি গ্রহণের সুযোগ রয়েছে। এ ছাড়াও সম্প্রতি খোলা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্ট। এখন মাস্টার্সের ভর্তি ফরম বিতরণ চলছে। যোগাযোগ :লালমাটিয়া, ঢাকা; ফোন :৯১৩৬৯৩২, ৯১৪২৮১৭; মোবাইল :০১৫৫৪৫৩০৪৫১।
এখানকার শিক্ষা ব্যয় তুলনামূলকভাবে কম। তা ছাড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের মাধ্যমে অর্ধ বেতন ও বিনা বেতনে পড়ার সুযোগ।
