নিজের মেধা এবং মননে গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার। কাজের জগতে নিজের কর্মদক্ষতা দিয়ে পৌঁছে গেছেন সফলতার দ্বারপ্রান্তে কাজের স্বীকৃতি হিসেবে জয় করে নিয়েছেন দেশি এবং আন্তর্জাতিক নানা পুরস্কার। একজন শিশু শিল্পী থেকে ক্রমেই হয়ে ওঠেছেন তারুণ্যের যোগ্য প্রতিনিধি। বলছিলাম শারফুল আলমের কথা। মেধাবী এই তরুনকে নিয়ে লিখেছেন
সাজেদুল ইসলাম শুভ্র
ও ছবি তুলেছেন
দীপঙ্কর দীপু
ছোটবেলায় বাসায় পত্রিকায় দেখতেন অনেক মানুষের লেখা আর তাদের ছবি। টিভিতে নানা অনুষ্ঠানে অনেককেই দেখতেন। মাঝে মাঝে ভাবতেন পত্রিকা বা টেলিভিশনের এই মানুষগুলোর লেখা বা ছবি হাজার হাজার মানুষ পড়ছে, দেখছে, মতামত দিচ্ছে। তিনিও চাইতেন একদিন তার লেখাও যেন অন্যান্য মানুষ পড়তে পারেন। পারেন টিভি পর্দায় তাকে দেখতে। সেই ভাবনায় ১৯৯৪ সালে বিটিভিতে ছোটদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাকে টেলিভিশনে দেখে বাবাসহ আরও অনেকেই উত্সাহ দিলেন যেন নিয়মিতভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শ্রদ্ধেয় আমানুল হকের বিটিভির বেশ কয়েকটি ছোটদের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। কাজ করেছেন বাংলাদেশ বেতারে। শ্রদ্ধেয় প্রয়াত আবদুল্লাহ আল মামুন সারের বেশ কয়েকটি নাটকে নিয়মিত অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। অভিনয়ের কোর্স করেন নিটেল থিয়েটার ও থিয়েটার স্কুলে। এরপর শ্রদ্ধেয় মমতাজ উদদীন স্যারের সাথে কাজ করেন বলে জানান। তারপর আস্তে আস্তে পত্রিকায় ছোটদের বিভাগগুলোতে (ভোরের কাগজের ইস্টিকুটুম, প্রথম আলোর গোল্লাছুট) নিয়মিত লেখালেখি শুরু করেন। এরই মধ্যে যুক্ত হন শিশুদের নিজস্ব সংগঠন চাইল্ড ব্রিগেড-এ। ২০০১ সালে একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মুক্ত খবর’-এর রিপোর্টার হিসেবে ইটিভিতে যুক্ত হন। ‘মুক্ত খবর’-এর রিপোর্টার হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সুযোগ হয়েছে তার। ২০০১ সালে আন্তর্জাতিক খবর সংগ্রহের জন্য নেপাল যান। সেখান থেকে প্রায় ৪-৫টি স্টোরি তৈরি করেন যা পরবর্তী সময়ে ‘মুক্ত খবর’-এ প্রচারিত হয়ে থাকে। ২০০২ সালে এসএসসি পাস করেন। তারপর কলেজে ভর্তি হন। ২০০৩ সালে একুশে টেলিভিশন বন্ধ হয়ে গেলে যোগ দেন এটিএন বাংলায়। বর্তমানে দুটি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন শারফুল আলম। এখন এমফিল করার জন্য অপেক্ষা করছেন। বলছিলাম তরুণ প্রতিনিধি মো. শারফুল আলমের কথা। তার শুরু গল্পটা এমনই।
নিজের কাজের ফলাফল হিসেবে পেয়েছেন অনেক পুরস্কারও। এর মধ্যে উল্লেখ্যযোগ্য আন্তর্জাতিক পুরস্কারগুলো হচ্ছে—পিপল টু পিপল ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ড এপ্রিল, ২০০৯-এ; ধ্রভা :অ্যাওয়ার্ড, মে ২০০২ সাল (কুন্দাপুরা, ব্যাঙ্গোলোর, ভারত); চেঞ্জ মেকার ফর সাউথ এশিয়া মে, ২০০১। আর দেশীয় পুরস্কার হিসেবে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০০; গ্রন্থাগার বর্ষ ২০০৩ এ স্কুল-কলেজ পর্যায়ে উপস্থিত প্রতিযোগিতায় পুরস্কার অর্জন; জাতীয় শিশু অধিকার এবং বিশ্ব শিশু দিবসের পুরস্কার ২০০২ আয়োজনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম; জাতীয়-তরুণ নেতৃত্ব ফোরাম পুরস্কার ১৯৯৯, আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ; মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১০ সম্প্রচারের মাধ্যমে সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ, আয়োজনে ইউনিসেফ; এ এসএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০১০-২০১২, আয়োজনে এসিড সারভাইভরস ফাউন্ডেশন, সহযোগিতায় অস্ট্রেলিয়ান এইড; মিনি গ্র্যান্ড অর্জন :২০১১ সালে রিলিফ ইন্টারন্যাশনাল ও ইউরোপিয়ান ইউনিয়ন ফর গ্র্যান্ড অর্জন করেন। আয়োজনে রিলিফ ইন্টারন্যাশনাল সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন। এ ছাড়া শারফুল আলম বিয়ন্ড বর্ডাস-এর ৫টি দেশের তরুণদের সাথে একত্রে কাজ করেছেন। দিল্লিতে আন্তর্জাতিক সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বিয়ড বর্ডাস আয়োজনে ছিল ডেমোক্রেসি ওয়াচ, সহযোগিতায় ছিল ব্রিটিশ কাউন্সিল। মীনা কার্টুনের একাধিক পর্বের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে শিশু শ্রম পরিস্থিতি নিয়ে রয়্যাল ডেনিস ন্যাশনাল টেলিভিশনের সাথে বাংলাদেশ থেকে কাজ করেছেন। সফল এই মেধাবী তরুণ এগিয়ে চলেছেন আপন গতিতে। তার ভবিষ্যত্ পরিকল্পনা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা। নিজেকে সেভাবে তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বর্হিবিশ্বে বাংলাদেশি তরুণদের সাফল্যের গল্পের সাথে নিজেকেও সম্পৃক্ত করতে চান তিনি।
