পাকিস্তান ছাড়লেন আসিয়া বিবি

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:০২

অবশেষে পাকিস্তান ছাড়লেন ধর্ম অবমাননার শাস্তি থেকে খালাস পাওয়া আসিয়া বিবি। চার সন্তানের এ জননী রবিবার কানাডায় পৌঁছেছেন বলে তার আইনজীবী সাইফ আল মুলুক জানিয়েছেন। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে তার মুক্তির নির্দেশ দেওয়া হয়। তবে আসিয়া বিবি কোথায় গেছেন সে ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে দেশ ত্যাগ করেছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের

২০১০ সালে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়ালে তার বিরুদ্ধে হযরত মোহাম্মদ (স)কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। এ নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের রায়েও একই সাজা বহাল থাকে। আসিয়া বিবি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তিনিই একজন অমুসলিম নারী যিনি দেশটিতে এ প্রথম ব্লাশফেমি আইনে দণ্ডিত হলেন। আসিয়া বিবি অবশ্য সবসময়ই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলেন, যে কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে অপরাধে তিনি দোষী নন। আট বছর কারাভোগের পর গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্টের রায়ে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। তখন এ রায়ের বিরুদ্ধে দেশটির কট্টর মুসলিম দলগুলো তুমুল আন্দোলনে নামে। তারা আসিয়ার মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে বিক্ষোভ করে এবং তার দেশত্যাগে বাধা দিতে সরকারের উপর চাপও সৃষ্টি করে। খালাসের রায় পর্যালোচনা শেষে জানুয়ারিতে সুপ্রিম কোর্ট আগের রায় বহাল রাখলে আসিয়ার দেশ ছাড়ার পথ সুগম হয়।

মুক্তি পাওয়ার আগে আট বছর কারাগারের একটি নিঃসঙ্গ সেলে ছিলেন তিনি। মুক্তি পাওয়ার পর দেশ ছাড়ার আগ পর্যন্ত তাকে একটি গোপন স্থানে রাখা হয়েছিল। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তার দুই মেয়ে কানাডায় অবস্থান করছেন এবং সেখানে তারা আশ্রয়ের আবেদন করেছেন।