আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতিপক্ষ আজ নড়বড়ে আয়ারল্যান্ড

আপডেট : ০৮ মে ২০১৯, ২২:৪৭

আয়ারল্যান্ডের প্রতিকূল আবহাওয়া, তীব্র বাতাস, প্রচণ্ড ঠান্ডার চ্যালেঞ্জটা টপকাতে পেরেছে বাংলাদেশ। দলগত দাপুটে পারফরম্যান্সে ভর করে মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট উইকেটের বড় জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে মাশরাফি বিন মুর্তজার দল। জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ আবার মাঠে নামছে বাংলাদেশ।

ডাবলিনের মালাহাইড পার্ক মাঠে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায়।          গতকাল বুধবার ডাবলিনে সারাদিন বৃষ্টি হওয়ায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। অন্যদিকে মানসিকভাবে বেশ নড়বড়ে অবস্থায় আছে স্বাগতিকরা। বাংলাদেশের বিরুদ্ধে আজ জয়ের রথে ফিরতে চায় তারা। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ হয়েছে আইরিশরা। ছন্দে থাকা বাংলাদেশের বিপক্ষে প্রতিরোধ গড়া তাই সহজ কর্ম হবে না জয়শূন্য আয়ারল্যান্ডের জন্য। 

অন্যদিকে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তিনশ’ রানের সম্ভাবনা জাগানো ক্যারিবিয়ানদের ২৬১ রানে আটকে দেয় বোলাররা। ব্যাটিংয়ে তামিম, সৌম্য, সাকিবের তিনটি হাফ সেঞ্চুরি এনে দিয়েছে সহজে জয়।

গতকাল ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় নিয়ে সাকিব বলেছেন, সবাই এটাতে আত্মবিশ্বাস পাবে। কারণ এরকম পারফরম্যান্স আমরা খুব বেশি ম্যাচে করি না। সেখানে এটাতো ভালো একটা পারফরম্যান্স, সবাই অবদান রেখেছে। এটা অবশ্যই দলের জন্য ভালো দিক। স্বাভাবিকভাবে খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যাবে সবাই কতটা আত্মবিশ্বাসী।’

ম্যাচে বোলিংয়ে এক উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও অপরাজিত ৬১ রান করেছেন সাকিব। প্রায় ছয় মাস পর দেশের জন্য খেলতে নেমে কিছুটা নার্ভাস ছিলেন সাকিব। ওয়ানডে দলের সহ-অধিনায়ক বলেন, ‘ছয় মাস পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেললাম। একটু নার্ভাসনেস কাজ তো করতেই পারে। যেহেতু প্রস্তুতি ম্যাচটা ভালো করেছিলাম, একটা আত্মবিশ্বাস ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারা অবশ্যই অনেক চাপ কমার একটা ব্যাপার। শুরুটা ভালো হয়েছে, বাকিটা চালিয়ে যেতে হবে।’

অধিনায়ক মাশরাফি অবশ্য বলেছেন, জয় দিয়ে সিরিজ শুরু করা গুরুত্বপূর্ণ। তবে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে মাশরাফি বলেছিলেন, ‘যেকোনো টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা শুরুটা অনেক ভালো করেছে। পরের ম্যাচের জন্য ভালো অবস্থানে থাকবে ছেলেরা। ফাইনালে যেতে হলে আমাদের আরো ভালো এবং শক্তভাবে ক্রিকেট খেলতে হবে। তাই সামনের ম্যাচগুলোর দিকে চেয়ে আছি।’