প্রতিদিনই মনের কোণে উঁকি দেয় মন খারাপ করা নানা প্রশ্ন, নানা ভাবনা। কাউকে বলতে না পারা এই ভাবনাগুলো জমে জমে গড়ে ওঠে অপূর্ণতার পাহাড়। এমন নানা ভাবনার কথা আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের এই নিয়মিত আয়োজনে।
ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরানবাজার, ঢাকা-১২১৫
প্রশ্ন :অনেক চেষ্টা করার পরও সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি। মা-বাবা চাইছেন আমি যেন সময় নষ্ট না করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই, তারা সানন্দে রাজি। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না, ভাবছি প্রস্তুতি নিয়ে সামনের বছর আবার পরীক্ষা দেব। আবার বন্ধুদের মধ্যে যারা ভালো ছাত্রছাত্রী, তাদের অনেকেই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমার কী করা উচিত?
উত্তর :সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই বলছি প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষা তুমি অবশ্যই নিতে পার কিন্তু তাতে কৃতকার্য ও অকৃতকার্য হওয়ার—দুটি সম্ভাবনাই থাকে। তবে দুটো ক্ষেত্রেই সময় চলবে তার নিজস্ব প্রবাহে। যে সময় তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। সর্বোপরি একজন ছাত্রের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অন্যতম ধারণা হলো চাকরির বাজারে তার গ্রহণযোগ্যতা। সেক্ষেত্রে মনে রাখতে হবে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা বেকারের যেমন অভাব নেই, তেমনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ভালো প্রতিষ্ঠানে কর্মরত মানুষের সংখ্যাও ব্যাপক। কারণ বিশ্বের বড় বড় কোম্পানিগুলো ছাত্রটি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের তা দেখে না, তারা খোঁজে দক্ষ ব্যক্তি। তাই সময়ক্ষেপণ না করে নিজেকে দক্ষভাবে উপস্থাপনই হতে হবে লক্ষ্য। আর সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বড় কোনো বিষয় নয়।
রুদমিলা মাহবুব
প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
