অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এদেশে চার কোটি মধ্য আয়ের মানুষ আছে। সেখানে ট্যাক্স দেয় মাত্র ২৪ লাখ। চার কোটি মানুষ ট্যাক্স দিলে আমাদের ট্যাক্স জিডিপির অনুপাত অনেক বেড়ে যেত। এখন যেটা মাত্র ১০ শতাংশ। তবে আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবে না। এমন ব্যবস্থাই করা হবে।
গতকাল বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। আসছে বাজেট নিয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এখনই বাজেট নিয়ে খোলাখুলি কথা বলার কিছু নেই। কারণ বাজেটে সবারই চাহিদা আছে। সবার চাহিদা পূরণ করতে আমরা চেষ্টা করব। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজেট প্রণয়নে কোনো চ্যালেঞ্জ নেই। বাস্তবায়নেই মূল চ্যালেঞ্জ। অর্থের কোনো অসুবিধা নেই। বাজেট ঘাটতি হবে ৫ শতাংশ। এটা গতবারও ছিল, তার আগেরবারও ছিল। এটা স্ট্যান্ডার্ড। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ পুনঃতফসিলিকরণের বিষয়টি বাজেটে নয় বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমেই দেওয়া হবে। কাছাকাছি সময়ের মধ্যেই প্রজ্ঞাপন হবে।
ক্রয় কমিটির বৈঠকে ১১
ক্রয় প্রস্তাব অনুমোদন
রাশিয়া থেকে এক লাখ টন গম, সৌদি আরব থেকে তিন লাখ ৫০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুটি প্রস্তাবসহ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ১১টি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।
