প্রবাসে কেটেছে তার শৈশবের দিনগুলো। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মেলামেশার সুযোগ হওয়ায় শিল্পের প্রতি তার ঝোঁকটা সেই শুরু থেকেই বেশি। প্রবাসেই শুরু হয় তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা। তাই তার শৈশবের বন্ধুরা ছড়িয়ে আছেন দেশ-বিদেশে নানা জায়গায়। ফলে সুযোগ পেলেই দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। দারুণ ভ্রমণপিয়াসী এই ব্যবস্থাপকের নাম ইরফান ইসলাম। বর্তমানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) হিসেবে কর্মরত রয়েছেন।
ইরফান ইসলাম ২০০৪ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে গ্রামীণফোনে যোগদান করেন। তারপর ২০০৬ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন একটেলে। এরপর কিছুদিন র্যাংকস গ্রুপে মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমান কর্মস্থল ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন তিনি ২০০৭-এ। স্বাচ্ছন্দ্যের সাথে দায়িত্ব পালন করছেন সেখানে। কতটা আকর্ষণীয় এই ব্যবস্থাপনা পেশা আর পেশাগতভাবেই বা কতটা চ্যালেঞ্জিং, ইরফান ইসলামের কাছে আমরা তা জানতে চেয়েছিলাম। তিনি বলেন, ‘যথেষ্টই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এখানে। প্রত্যেকেরই মাথায় রাখতে হয় যে, তিনি তার প্রতিষ্ঠানটিকে সবার সামনে তুলে ধরছেন। আর সেটা করতে গিয়ে অনেক দায়ভার সামলে নিতে হয়, অনেক দায়িত্ব একসাথে পালন করতে হয়।’ এরপর নতুনদের ব্যবস্থাপনা পেশায় স্বাগত জানিয়ে ইরফান ইসলাম বলেন, ‘তরুণদের কাজের অনেক সুযোগ রয়েছে এখানে। তারা নিত্যনতুন ভাবনা নিয়ে এখানে কাজ করতে আসছেন। তারা প্রযুক্তিগত দিক থেকেও অনেক বেশি এগিয়ে। তারা পরিবর্তনশীল সবকিছুর প্রতি সচেতন থাকার চেষ্টা করে। এক কথায় নতুনদের জানার আগ্রহটা বেশি, অনুধাবন ক্ষমতাও ব্যাপক। আর ব্যবস্থাপনা পেশায় এ গুণগুলো খুব জরুরি।’ এ কথার সূত্র ধরে নতুনদের জন্য তার পরামর্শ জানতে চাইলে ইরফান বলেন, ‘পাঠ্যপুস্তকের পাশাপাশি বহির্বিশ্বের সবকিছুর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে। সাফল্য সুনিশ্চিত করতে শুধু নিজের পেশাগত ক্ষেত্র বা প্রতিষ্ঠান সম্পর্কেই নয়, দেশীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত সব প্রতিষ্ঠানের কাজের ধরন সম্পর্কে সজাগ থাকতে হয়। আর তাহলেই নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়। সেই সৃজনশীলতাটুকু ব্যবস্থাপনা পেশায় খুব বেশি জরুরি। তাই বলা যায়, শুধু নিজেকে নিয়ে নয়, নিজের প্রতিষ্ঠান নিয়ে নয়, ভাবতে হয় সামগ্রিকভাবে। তাহলেই নিজের কাজের ক্ষেত্রে সফলতা আসবে।’
নতুন প্রজন্ম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে ইরফান বলেন, ‘আমাদের কোলোনিয়াল মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ছোটবেলা থেকেই সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর থাকে বলেই অন্যান্য পেশার উত্কর্ষ তেমন হয় না। একই সাথে ব্যক্তিগত উন্নয়নও ব্যাহত হয়। অভিভাবকদের তাই সন্তানের মেধা, ইচ্ছাকে বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত যে, তাদের সন্তান কোন বিষয়ে কী করবে। আমাদের শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যানির্ভর না করে তাদের অনুধাবন, বিশ্লেষণমূক জ্ঞান বৃদ্ধিসহ বাস্তবভিত্তিক জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তা না হলে জাতির সার্বিক উন্নয়নে নতুন প্রজন্ম কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হবে। তাতে জাতি হিসেবে আমরা বর্তমান প্রতিযোগিতার বাজারে দিনকে দিন পিছিয়ে পড়ব।’ নতুন প্রজন্ম সম্পর্কে আপনার মূল্যায়ন কী? উত্তরে তিনি বলেন, ‘এখন যারা কাজ করছে তারা অনেক বেশি টেকনোলজি গ্রহণ করছে। এটা খুবই ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে—সৃষ্টিশীলতা নিজ থেকে তৈরি করতে হবে এবং তথ্যপ্রযুক্তি তাকে সাপোর্ট দিবে। কিন্তু শুধু টেকনোলজির সুবিধা বেশি নিতে গিয়ে নিজের সৃষ্টিশীলতাকে নষ্ট করা যাবে না। তবে আমি যা দেখেছি নতুনরা খুবই বুদ্ধিমান। তারা ইন্টারনেট, মোবাইল ইত্যাদিকে ব্যবহার করে অনেক অ্যাডভান্স কাজ করে। যা যেকোনো পেশার জন্য খুবই কল্যাণকর। তবে এর পাশাপাশি দেখা যায় অনেকের জ্ঞান অর্জনে আগ্রহ কম। বরং এ বিষয়ে আগ্রহ বাড়িয়ে বেশি বেশি বই পড়তে হবে। ব্যবহারিক জ্ঞান আহরণ করে তা ব্যবসায় কাজে লাগাতে হবে। নতুন যারা সংক্ষিপ্ত রাস্তা ধরে এই পেশায় সাফল্য অর্জন করতে চায় তাদের উদ্দেশে একটা কথা বলব, জ্ঞানের কোনো বিকল্প নেই এবং অনেক পড়াশোনা ছাড়া কোনো পেশায় সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। যেহেতু এই প্রজন্ম আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে এবং একুশ শতকের চ্যালেঞ্জটা তাদেরই মোকাবিলা করতে হবে তাই তাদের প্রতি আমার পরামর্শ রইল, জ্ঞান অর্জন এবং টেকনোলজির সুবিধা গ্রহণ করে তাদের প্রকৃত সমন্বয় ঘটাতে পারলেই দেশ এগিয়ে যাবে।’
প্রজন্মের মেধাবী এই ব্যবস্থাপকের জন্ম ঢাকাতে। তার বাবা-মা দুজনেই ব্যাংকার। বাবা এখনও এক্সিম ব্যাংকে কর্মরত রয়েছেন। পারিবারিক এই আবহটা তার মাঝে কর্পোরেট নেতৃত্ব জাগিয়ে তুলতে অনেক সাহায্য করেছে। প্রথম শ্রেণীতে পড়ার সময় তিনি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই কেটেছে তার শৈশবের ৮-৯ বছর। নানা দেশের নানা সংস্কৃতির বন্ধুদের সাথে পরিচয় সেখানেই। ফলে সুযোগ হয় বহুজাতিক সংস্কৃতির মাঝে বেড়ে ওঠার। যা তাকে সংকীর্ণতা থেকে বের হয়ে উদার চিন্তাভাবনার পথে হাঁটতে সহায়তা করেছে। দেশে ফিরে এসে তিনি ভর্তি হন সেন্ট জোসেফ স্কুলে। সেখানে নানা সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ শুরু করেন, বিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক চর্চাও অব্যাহত রয়েছে তার। ক্রিকেট খেলার প্রতিও অসম্ভব ঝোঁক এই ব্যবস্থাপকের। স্কুলে খেলতেন, খেলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমেও। পারিবারিক জীবনে বাবা-মা-ভাই আর স্ত্রী মেহজাবীন ভূইয়াকে নিয়ে তার সুখের সংসার। ইরফান ইসলামের স্বপ্ন—নিজেকেই নিজে ছাপিয়ে যাওয়ার, অনেক বেশি জানার আর কর্পোরেট দুনিয়ায় নিজেকে যোগ্যতম হিসেবে প্রতিষ্ঠা করার।
ইরফান ইসলাম
ডাক নাম :শুভ
জন্মতারিখ ও স্থান :৩১ ডিসেম্বর, ঢাকা।
মায়ের নাম :নাজমা ইসলাম
বাবার নাম :সিরাজুল ইসলাম
প্রথম স্কুল :দুবাই স্কলার্স, সংযুক্ত আরব আমিরাত
প্রিয় উক্তি :আই বিলিভ আই ক্যান ফ্লাই, আই বিলিভ আই ক্যান টাচ দ্য স্কাই।
প্রিয় পোশাক :জিন্স ও টি-শার্ট।
অবসর কাটে যেভাবে :টেলিভিশন দেখে, বই পড়ে।
সাফল্যের সংজ্ঞা :কাজ করে স্বাচ্ছন্দ্য লাভ করতে পারলে সেটাই সফলতা।
