গাজীপুরের কালীগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দেওপাড়া গ্রামের কবির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর।
পুলিশ জানায়, সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ও মোনছের হোসেন একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আল আমিনকে ধরার জন্য তার বাড়িতে যান। এ সময় আল আমিনের ছোট ভাই আলমগীর হোসেনকে বাড়ির সামনে পেয়ে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে ‘ভাই বাড়িতে নেই’ বলে সে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে। এরপর তাদের ঘরের ভেতরে ঢুকে আল আমিনকে ধরে ফেলে পুলিশ। এ সময় তার মা সাবিনা ইয়াসমিন, বাবা কবির হোসেন এএস আই শাহিনুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আল আমিন ও তার ছোট ভাই আলমগীরও ওই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এ এস আই শাহিনুরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিত্সার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালে পাঠানো হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, এ এস আই শাহিনুরের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। আল আমীন পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
