বাজার নিয়ন্ত্রণকারীরাই সরকারকে নিয়ন্ত্রণ করছে :বিএনপি

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৪৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন। বাণিজ্যমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না— এমন ঘোষণার পরদিন থেকেই হু হু করে দাম বেড়েছে প্রায় সব পণ্যের। বিভিন্ন পণ্যের দাম বেড়েছে গড়ে তিন থেকে চার গুণ। অন্যদিকে, বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণ না করে প্রমাণ করেছেন নাগরিক সেবায় তারা ব্যর্থ। নিত্যপণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে যৌক্তিক কারণ না থাকার পরেও দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, যে কারণে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আরো বেড়ে গেছে। বাজারে সরকারের কোনো নজরদারি নেই। তাদের নজর লুটপাটে।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। সরকার জিম্মি অসাধু সিন্ডিকেটের কাছে। বাজারের দুষ্টুচক্র সিন্ডিকেট এখন বাজার নিয়ন্ত্রণ করছে; কিন্তু সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ বাজারের নিয়ন্ত্রকেরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। রিজভী বলেন, ২০ দলীয় জোটের ঐক্য সুদৃঢ় রয়েছে। সেইসঙ্গে জোট থেকে বিজেপির বেরিয়ে যাওয়াকে ‘মান-অভিমান’ অভিহিত করে বলেন, ‘অচিরেই’ তার অবসান ঘটবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, মাহবুবুল হক নান্নু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।