বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের লাশ আজ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে। তার্কিস এয়ারওয়েজের একটি বিমানযোগে আজ ভোর ৫টায় তার লাশ দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।
আজ সকাল ১০টায় রাজধানীর মগবাজার নয়াটোলা জামে মসজিদে তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টায় মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে দ্বিতীয় ও বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মরহুমার দীর্ঘদিনের সহকর্মীবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অংশ নিবেন বলে জানা গেছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
উল্লেখ্য, রৌশন আরা ৩ মে মিশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কঙ্গোতে পৌঁছেন ৪ মে। মিশনে পৌঁছানের একদিন পর ৫ মে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
