নোয়াখালীর চাটখিলে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০ জন। গতকাল বুধবার চাটখিলের রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের মুন্সিবাড়ীর দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর (৩৫) ও সোনাইমুড়ির নাওতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে নূর আলম (৩৫)। নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি।
ওই বাসের যাত্রী আহত ফারুক জানান, বাসটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী নারীর দিকে বার বার তাকাচ্ছিলেন। এ কারণে তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরো পড়ুন: শ্রীপুরে এসআইকে প্রকাশ্যে পিটিয়েছে আওয়ামী লীগ নেতা
থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে সোনাপুর-রামগঞ্জ সড়কে চলাচলকারী জননী পরিবহনের একটি বাস রামগঞ্জ যাওয়ার সময় মুন্সি বাড়ীর দরজায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৩ জনের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়।
ইত্তেফাক/এমআর
