কুষ্টিয়ায় চেয়ারম্যানের বাড়িতে সালিশে ডেকে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৯ মে ২০১৯, ১৪:১৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামে প্রতিপক্ষের হামলায় মহাবুল মণ্ডল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বালিরদিয়াড় গ্রামের জামাত মণ্ডলের ছেলে।

 

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী চরদিয়াড় গ্রামের পিন্টু ও জাহাঙ্গীরের কলাবাগানে গাছ কাটার অভিযোগে মহাবুলের বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে বুধবার বিকালে সালিশ বৈঠক ডাকা হয়। সেখানে মহাবুল উপস্থিত হওয়ার সাথে সাথে পিন্টু, জাহাঙ্গীর ও তাদের সহযোগীরা মাহাবুলকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এরপর দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাত একটার দিকে ঢাকা নেয়ার পথে মাহাবুল মারা যান।

 

এ ব্যাপারে মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, তিনি সালিশ বৈঠকে উপস্থিত হবার আগেই এ ঘটনা ঘটেছে।  তিনি আরো বলেন, এই দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলে আসছিল।

 

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম