নার্সকে ধর্ষণের পর হত্যা: বিক্ষোভে উত্তাল কিশোরগঞ্জ

আপডেট : ০৯ মে ২০১৯, ১৬:৫২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামের নার্স শাহীনূর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে কিশোরগঞ্জ। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের সম্মুখের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। এখানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বিএমএ’র জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল  সেলিনা যমুনা কুরাইয়া, আয়োজক সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সেবা তত্ত্বাবধায়ক নাজবীনা খান, স্বাধীনতা নার্সেস পরিষদের সমন্বয়ক মো. আব্দুল হালিম প্রমুখ।

বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা কালী বাড়ি সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আছিয়া বেগম, সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক আলম সারোয়ার টিটো, সাইফুল হক মোল্লা দুলু, কামালউদ্দিন প্রমুখ। এই মানববন্ধন কর্মসূচির সঙ্গে সমকাল সুহৃদ সমাবেশ একাত্মতা ঘোষণা করে।

এদিকে ঘটনার নিন্দা ও দ্রুত বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট শহরের গৌরাঙ্গ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নজরুল ইসলাম সাজাহান, সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি, আবুল হাশিম মাস্টার প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মে রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় কর্মরত শাহিনূর আক্তার তানিয়া স্বর্ণলতা পরিবহনের একটি বাসে চড়ে নিজ বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামে আসার সময় চলন্ত বাসে ড্রাইভার-হেলপার ও অন্যান্য সহযোগীদের হাতে গণধর্ষণের শিকার হন। পরে তাকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যার পর তার মৃতদেহ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে বাজিতপুর উপজেলার গজারিয়া-জামতলী এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা বাস নিয়ে পলায়ন করে। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

ইত্তেফাক/জেডএইচ