গত ৩০ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (বগুড়া-৬) আসনটি শূন্য ঘোষণা করা হয়। তারপর থেকে এই আসনে (বগুড়া সদর) আসনে উপ-নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। আসনটিতে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার জন্য মাঠে নেমেছেন একাধিক প্রার্থী। শহরের সর্বত্রই এখন একটি আলোচনা, বগুড়া সদরে আওয়ামী লীগের প্রার্থী কে?
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বুধবার (৮ মে) দুপুরে এক প্রজ্ঞাপনে বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ২৪ জুন এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।
প্রজ্ঞাপনে জানা গেছে, সদর আসনের উপ-নির্বাচন পরিচালনায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহকে রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনকে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে। ৩ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ৪ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।
উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আসাদুর রহমান খন্দকার লাইজু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর নাম শোনা যাচ্ছে।
রাগেবুল আহসান রিপু জানান, তিনি নেত্রীর কাছে এবং দলের কাছে মনোনয়ন চাইবেন। মাছুদুর রহমান মিলন জানান, দল বিবেচনা করলে তিনি প্রার্থী হবেন এবং তার বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবেন।
আরও পড়ুন: নার্সকে ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল কিশোরগঞ্জ
সংসদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর বলেন, গত সংসদে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। বগুড়ার উন্নয়নে সংসদে অনেক ভূমিকা পালন করেছি।
অপরদিকে বিএনপি এই উপ-নির্বাচনে নীরব রয়েছে। সম্প্রতি স্থানীয় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপি এখানে কিছু করবেনা বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
ইত্তেফাক/অনি

