জান্নাতুন নাঈম প্রীতি, ছেলেবেলা থেকেই সম্পৃক্ত রয়েছেন লেখালেখির সাথে। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্রপত্রিকায়, কাজ করছেন বিভিন্ন সংগঠনের সাথে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের সুবাদে তার ভাবনাগুলো প্রতিনিয়ত বিলিয়ে দিচ্ছেন এই প্রজন্মের মাঝে। ছোটবেলা থেকেই সে যে স্বাধীনতাটা পেয়েছেন সেটা হলো জীবনকে নানা আঙ্গিক থেকে দেখার স্বাধীনতা। ক্লাস ফাইভ থেকে তিনি বাংলাদেশ বেতার রাজশাহীর তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। ছবি আঁকতেন ছোটবেলা থেকেই, এই বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পেয়েছেন। জাতীয় শিশু পুরস্কার ২০০৩-২০০৫, সার্ফ এক্সেল পেইন্টিং কারনিভাল ২০০৩ পুরস্কার ‘টপ টুয়েন্টি’, ফেবার ক্যাস্টাল ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পেইন্টিং কম্পিটিশানগুলোতে ২০০৫-২০০৬ সালে পুরস্কার, এসো বাংলাদেশ গড়ি-এর ‘কৃতী শিক্ষার্থী ২০০৮’সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। তাকে নিয়ে লিখেছেন
সাজেদুল ইসলাম শুভ্র
লেখালিখির শুরুটা হয়েছে ২০০২ সাল থেকে। অ্যাংকর-প্রথম আলো চিলড্রেন্স ডে-এর গল্প লেখা প্রতিযোগিতায় এর শুরু। ছোটবেলায় অ্যাডভেঞ্চার জাতীয় বইয়ের দিকেই বেশি উত্সাহ ছিল তার। মার্ক টোয়েনের লেখা পড়ে মনে হয়েছে যে লিখলে তার মতো লিখতে হবে! পাশাপাশি স্যার হেনরি রাইডার হ্যাগার্ড, রবার্ট লুইস স্টিভেনসনের লেখাগুলো সেসময় লেখাগুলোতে স্পৃহা জুগিয়েছে। প্রীতির উল্লেখযোগ্য শিশুতোষ গল্পগুলো হলো- ‘চন্দ্র ভূতের অভিযান’, ‘সূর্যের বাড়ি’, ‘পিপিং রাজপুত্রের স্বপ্ন’, ‘অবহেলা’, ‘স্বপ্ন’। শিশুদের জন্য কবিতাও লিখছেন তিনি। তার কবিতাগুলো হলো ‘অনুভূতিসমগ্র’, ‘আশ্রয় অথবা আশ্রিতা’, ‘প্রসঙ্গ প্রশ্ন’। বড়দের জন্য তিনি লিখেছেন ‘রবি-মঙ্গল-বৃহস্পতি’, ‘হেমলক ফ্রম প্যারিস’, ‘বে-নী-আ-স-হ-ক-লা’, ‘সাম ডায়েরি সং’, ‘বিমূর্ত’, ‘রোজ শনিবার তেইশে আষাঢ় চৌদ্দশ উনিশ বঙ্গাব্দ’, ‘নায়িকা’, ‘শূন্য’। প্রীতি লিখে চলছেন বিভিন্ন জাতীয় পত্রিকার সাহিত্য পাতায়। লন্ডন থেকে প্রকাশিত ত্রৈমাসিক মিলেনিয়ামে লিখছেন তিনি। প্রীতির সেরা বারোটি গল্প নিয়ে একটি অনলাইনভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে শিগগিরই বের হবে তার প্রথম একক ই-বুক।
লেখালেখির জগতে বিখ্যাত মানুষদের সান্নিধ্যে আসা প্রসঙ্গে প্রীতি বলেন, ‘তাদের কাছ থেকে পরামর্শ এবং উত্সাহ দুই-ই পেয়েছি। ভালো মানের সাহিত্যপাঠ, অনেক বেশি বই পড়ার প্রতি প্রত্যেকেই জোর দিয়েছেন। জাফর ইকবাল স্যার তো বলেন, তোমার প্রতি টিপস হলো—পড়, পড় এবং পড়! লেখালিখির ক্ষেত্রে আসলে পড়ার কোনো বিকল্প নেই। যারা লেখালেখি করতে চায়, তাদের জন্য পরামর্শ জানতে চাইলে প্রীতি বলেন, ‘যারা লেখালিখি করতে চায় সেইসব ক্ষুদে বন্ধুদের উদ্দেশ্যে বলব, বিভিন্ন লেখকের লেখা বই পড় এবং বিভিন্ন ধরনের বই পড়। উপন্যাস, প্রবন্ধ, কিশোর উপন্যাস, ছোটগল্প, বিজ্ঞানের যেকোনো বিষয়, ভ্রমণকাহিনী, আত্মজীবনীসহ যাবতীয় বই। তা ছাড়া কোথাও বেড়াতে যেতে পারো, গান শুনতে পারো, জীবনের অভিজ্ঞতাও প্রচুর দরকার লেখালিখির ক্ষেত্রে। মাঝেমধ্যে দুই-এক কলম লেখো যেকোনো বিষয় নিয়ে, সবচেয়ে ভালো হয় ডায়েরি লেখার অভ্যাস থাকলে। ডায়েরিতে যে শুধুই দিনলিপি লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মন চাইলে নিজেই কোনো কবিতা লেখো। নিজের প্রিয় কোনো কবির কবিতার বা গানেরও পঙিক্ত তথা যা ভালো লাগছে, যা লিখতে মন চাইছে তাই-ই লেখো। লেখালিখিটাকে নাও নিজের আলাদা একটা জগত্ হিসেবে, যেখানে রাজা কেবল তুমিই! তবে অবশ্যই পড়তে হবে প্রচুর, ভালো লেখক হতে চাইলে অবশ্যই ভালো মানের পাঠক হতে হবে।’ লেখালেখি করে অনেক মানুষের মনে স্বপন দেখাতে ভালোবাসেন যে প্রীতি, তার স্বপ্ন কী? ‘আমি বড় হয়ে হতে চাই অবশ্যই একজন লেখক, আর পেশাগত জীবনে বায়োলজি এবং আর্কিওলজি নিয়ে উচ্চতর পড়াশোনা এবং গবেষণা করতে চাই। জীবন, প্রকৃতি ও প্রাণের প্রতি এবং প্রাচীন মানুষের প্রতি, তাদের সমাজব্যবস্থা এই দুইয়ের প্রতি আমার কৌতূহল এবং উত্সাহ কাজ করে বলেই এই দুটি বিষয়েই পড়তে চাই; পড়াশোনা, গবেষণা এবং লেখালিখির মধ্যেই থাকতে চাই আজীবন’, জানালেন তিনি। অন্য তারুণ্য জান্নাতুন নাঈম প্রীতির বেড়ে ওঠা রাজশাহী শহরে। তার এই পথ চলার পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। রাজশাহী সরকারি পিএন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি-তে সব বিষয়ে ‘এ’ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে নিউ গভ. ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ছেন তিনি। বয়সে কম হলেও চিন্তায় চেতনায় তাকে টপকে যাওয়া ভার। লেখায়, আদর্শে অসংখ্য তরুণকে আলোকিত করে যাবেন তিনি, তার জন্য অজস্র শুভকামনা।
