বই বরাবরই একজন মানুষের জন্য পথের পাথেয়। ইন্টানেটের এই যুগে এসেও তরুণদের নতুন বইয়ের গন্ধ পাওয়ার সাধ খুব একটা কমেছে বলে মনে হয় না। কেননা বইয়ের মূল পাঠক হিসেবে এখনও তরুণেরাই এগিয়ে। বই কেনা থেকে শুরু করে বই সংগ্রহ এবং নানাধরনের বইয়ের প্রতি তাদের আগ্রহের কোনো কমতি নেই। ‘শান্ত সুবোধ তরুণ। চোখে মোটা ফ্রেমের চশমা, পরিপাটি করে চুল আঁচড়ানো। পাঞ্জাবি পরে মাথা নিচু করে কলেজে যাওয়া। হঠাত্ করে শিক্ষক বা সহপাঠীর কাছ থেকে লাল মলাটের বইগুলোর সন্ধান লাভ এবং তা পাঠ করে চেনা জীবন ছেড়ে দিনবদলের স্বপ্ন দেখা।’ জানেন তো অগ্নিযুগের সেই বিপ্লবীদের বিপ্লবী হয়ে ওঠার কাহিনীগুলো এমনই। মূলত বইয়ের প্রভাব এই সময়ের তরুণদের মাঝেও এমন করেই লক্ষ করা যায়। আমাদের বই পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে, এ রকমই বলছেন অনেকে। অনেকেই মনে করেন, টিভি, ইন্টারনেট ও মোবাইল ফোন আমাদের বই পড়ার অভ্যাস থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে চলেছে। কথাটা অনেকাংশেই সত্য। লাইব্রেরিতে গেলে প্রায়শই দেখা যায় সেখানে মানুষের যাতায়াত বেশ কমে গেছে। সবার একটাই কথা—বই পড়ার সময় নেই। সময়ের অভাবের কথা স্বীকার করছি। জীবিকা বা দৈনন্দিনের প্রয়োজনে আমাদের সময় অতিবাহিত হয় এ কথা সত্য। বাকি সময়টা? বাকি সময়টা আমরা টিভির সামনে বসি কিংবা যাদের ইন্টারনেট সংযোগ আছে তারা সেখানে বসে সময় কাটাই। সময়ের অভাব ঠিক নয়, আমাদের অভ্যাসটাই ক্রমাগত বদলে যাচ্ছে। সারাদিন আমরা কাজকর্মে ব্যস্ত থাকার পর সন্ধ্যার দিকে সাধারণ বিনোদনের জন্য টিভির সামনে বসি, জীবনের সাথে যার কোনো নিবিড় সম্পর্ক নেই সেসব অবাস্তব কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন টিভি চ্যানেলের সিরিয়ালগুলো দেখতে থাকি। এতে করে আমাদের একধরনের যান্ত্রিকতা তৈরি হয়ে যায়। যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের অনেকের মনে হয়—বই পড়ে কী লাভ? সবকিছুর মধ্যেই এখন আমরা লাভ-ক্ষতির হিসাব করতে শিখেছি। নির্ভেজাল আনন্দের জন্য আজ আর আমরা কোনো বই পড়তে চাই না। আবার অনেকেরই ধারণা হয়ে গেছে বই যদি পড়তেই হয়। তাহলে কাজের বই পড়া ভালো। একটি বই একজন মানুষকে কতটা বদলে দিতে পারে তা বলার বোধহয় খুব বেশি প্রয়োজন নেই। এ প্রজন্ম বইবিমুখ হয়ে যাচ্ছে—এ অভিযোগ বিজ্ঞজনেরা প্রায়ই করেন। বইয়ের পাতার মানবিক উপাখ্যানের চেয়ে ভার্চুয়াল জগতের ঝলকানি নাকি তাদের বেশি মোহিত করে। হতে পারে এ অভিযোগ পুরোপুরি সত্য নয়। যুগের প্রয়োজনে হয়তো আমরা ইন্টারনেট বা ফেসবুকে বেশি সময় দিচ্ছি কিন্তু যেকোনো বইমেলার ক্রেতাদের সবচেয়ে বড় অংশটিই কিন্তু তরুণ প্রজন্ম। স্বপ্ন দেখার সাহসের এক অনন্ত উেসর নামই বই। আজিজ মার্কেটের বিদিত, তক্ষশীলা, প্যাপিরাস, সন্দেশ, পাঠক সমাবেশ এবং জাগৃতি—এই বইয়ের দোকানগুলোতে ঢুকবার পর বই কেনার আগ্রহ না থাকলেও দু’একটি বই অনায়াসেই বগল-দাবা করে বের হবেন। তক্ষশীলা সম্ভবত সবচেয়ে বেশি ধাঁচের বইয়ের গোডাউন, সেখানে যিনি বসেন তিনি একজন বইপ্রেমী মানুষ। দোকানের পায়ের আঙুল থেকে মাথার চুল সম্পূর্ণ এলাকায় বইয়ের সমারোহ। ঢিবি করে রাখা বই থেকে নিজের পছন্দের কোনো বই কিনে নিতে পারেন আপনি। প্রতিটা বইয়ের দোকানেই প্রচুর বই, কিন্তু সেগুলোর কোনোটাই বিভাগানুসারে সাজানো হয়তো থাকে না। পুরোনো বই, মলাটে ঘুণপোকা ধরা বই আর বই মেলায় প্রকাশিত বই—নানা বইয়ের ভেতর থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এখন একটু ঘুরে আসা যাক ফুটপাতের দোকানগুলো থেকে। বাংলা একাডেমীর নিজস্ব বিক্রয় কেন্দ্র, টিএসসির পাশে গ্রন্থকেন্দ্র কিংবা রাস্তার পাশের ফুটপাত, কোথায় নেই। মাথার উপরে ছাদ না থাকলেও ঢাকা শহরে সবচেয়ে ভালোভাবে বই দেখবার একটাই জায়গা এখনও আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের ফুটপাত, যদিও বইয়ের ধরন কিংবা বৈচিত্র্য কম কিন্তু সেখানে এখনও বই নেড়ে চেড়ে দেখা যায়, ভিড়ের চাপে পিষ্ট বইমেলায় সেটা সম্ভব হয় না। এ ছাড়া নিউমার্কেটেও রয়েছে নানা ধরনের বইয়ের দোকান। কপাল ভালো থাকলে সেখানেও আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের বইটি।
