প্র জ ন্মে র আ ই ক ন

শৈল্পিক নকশাকার

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:১৯
সবার ডিজাইন মানুষের মনকে ছুঁতে পারে না। ডিজাইনে যদি শৈল্পিকতা থাকে এবং তা যদি হয় নান্দনিকতায় পূর্ণ, তবেই তা মনকে ছুঁয়ে যায়। অংশুর ডিজাইন দেখলেই বুঝা যায় তার শিল্পীমনন কতটা উন্নত। তার প্রতিটি ডিজাইন ভিন্ন ভিন্ন অর্থকে সাবলীলভাবে তুলে ধরে। তার শৈশব ও কৈশোর কেটেছে প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি রাঙামাটির কাপ্তাইয়ে। এরপর সিলেটের ছাতকে। তখন থেকেই তার মনের ভেতর সৌন্দর্যের খেলা শুরু হয়। তাই তো কলেজের পাঠ চুকিয়ে ঢাকায় এসে ভর্তি হন চারুকলায়। সেখানে পড়ার সময়ে পরিচয় হয় জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সাথে। তার উত্সাহেই অংশু গানের অ্যালবামের কাভার ডিজাইন শুরু করেন। তখন কাভার ডিজাইন নিয়ে কেউ সেভাবে চিন্তা করত না। অংশুর ভাষ্যে, ‘ওই সময়টায় অ্যালবামের জন্য থিম বেইজ কাভার হতে পারে, সেটা কেউ ভাবতো না। বাচ্চু ভাইয়ের ‘কষ্ট’ অ্যালবাম সফল হওয়ায় কাভার ডিজাইন সবার নজরে আসে। তখন কনসেপ্টকে গুরুত্ব দেওয়া শুরু হয়। এরপর আমি অনেক সফল অ্যালবামের কাভার ডিজাইন করি। এর মধ্যে জেমস ভাইয়ের ‘দুখিনী দুঃখ করো না’, ‘দুুষ্ট ছেলের দল’, বাচ্চু ভাইয়ের ‘ফেরারী মন’, ‘স্বপ্ন’, ‘আমাদের বিশ্বাস’, প্রিন্স মাহমুদের ‘এখনো দু’চোখে বন্যা’, দলছুটের ‘হূদয়পুর’ প্রভৃতি।’ নিজের ডিজাইন প্রসঙ্গে অংশু বলেন, ‘আসলে চারুকলাতে এসেই বুঝতে ও জানতে পারলাম রংয়ের আসল ব্যবহার। কোন রং কীভাবে ব্যবহার করতে হয়। সেই সাথে ডিজাইনের ভাষা ও এর শিল্পবোধ সম্পর্কে। চারুকলার গুণী শিক্ষকদের সাহচর্যে এসেই আমার মনের চোখ খুলে গেল।’ গান লেখার শুরুর কথা জানতে চাইলে তিনি মৃদু হেসে বলেন, ‘হুট করেই গান লেখা শুরু করেছিলাম। ছোট থেকেই ব্যান্ড মিউজিকের প্রতি আগ্রহ ছিল। তখন ১৯৯৫ সাল। কিছু গান লিখে বাচ্চু ভাইকে দেখালাম। তিনি ভুলত্রুটিগুলো সংশোধন করে দিলেন। আসলে গান লেখার ব্যাপারে তিনিই আমাকে তৈরি করেছিলেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞ।’ চারুকলা থেকে পড়াশোনা শেষ করে অংশু ‘ম্যাডোনা’ নামের একটি অ্যাডফার্মে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগদান করেন। সেখানে তিন বছর চাকরি করে উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার আরএমআইটি’তে গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে যান। ডিপ্লোমা শেষ করে আরেকটি কোর্স করেন মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের ওপর। বর্তমানে অংশু অ্যাডভার্টাইজিং ডিজাইনার হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার বৃহত্ সার্চ ইঞ্জিন ‘সেনসিস’-এ। এটি একটি ইন্ট্রিগ্রেটেড মার্কেটিং কোম্পানি। যারা অনলাইনে বিজনেস করে। তার কাজ হলো ‘ইয়ালো পেজ’-এর ডিজাইন করা। বিদেশে থাকলেও দেশের প্রতি একটা টান সব সময়ই অনুভব করেন তিনি। তার ভাষ্যে, ‘বিদেশে আছি আসলে বেটার লাইফ ও বেটার অপারচুনিটির জন্যই। আমার এই থাকাটা একটা একটা অ্যাডভেঞ্চারের মতোই। এটা আমি এনজয় করি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবাস জীবন কেমন কাটছে? এমন প্রশ্নের জবাবে নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘সেখানে বাংলাদেশিরা ভালোই আছে। যারা পড়াশোনা করছে, তাদের লাইফটা কিছুটা ভিন্ন। তবে পড়া শেষ করে ক্যারিয়ারে ঢোকার পর জীবন বদলে যায়। আমার সেখানে অনেক দেশি বন্ধু আছে। কেউ ব্যাংকার, কেউ ডেভেলপার, কেউবা ইঞ্জিনিয়ার। সাপ্তাহিক ছুটির দিনে সবার সাথে দেখা হয়। আমরা গেট টুগেদার করি ঈদ ও যেকোনো উত্সবে। সেখানে আমরা সবাই বাঙালি সংস্কৃতিকে লালন করি। সব মিলিয়ে আনন্দেই কাটছে আমাদের দিন।’ নাম :নিয়াজ আহমেদ অংশু জন্মতারিখ ও স্থান :১৬ জানুয়ারি, ঢাকা মায়ের নাম :খালেদা মমতাজ বাবার নাম :নাদির আহমেদ প্রথম স্কুল :কর্ণফুলী পেপার মিল (কাপ্তাই) প্রিয় মানুষ :বাবা-মা প্রিয় পোশাক :ক্যাজুয়াল যেকোনো পোশাক অবসর কাটে যেভাবে :গান শুনে, মুভি দেখে, ছেলেকে সময় দেওয়ার মাধ্যমে। সাফল্যের সংজ্ঞা :কখনো নিজেকে সফল না ভাবা বা আত্মতৃপ্তিতে না ভোগা।