প্র জ ন্মে র এ ক জ ন

তরুণ প্রতিভা জস

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:২০
২২ বছর বয়সী এই ব্যবসায়ীর জন্ম ১৯৯০ সালের ১৩ নভেম্বর। তিনি তার প্রথম ব্যবসায়িক পদক্ষেপ নেন মাত্র ১৩ বছর বয়সে। এর প্রায় ৩ বছরের মাথায় তিনি ব্যবসায় তার বিনিয়োগের ৪০,০০০ ডলার তুলে নেন। এই ছোট কিশোরটির নাম জস। মজার ব্যাপার হলো, তিনি এই ব্যবসায়িক সফলতা পান ইন্টারনেটে কেনাবেচার মাধ্যমে। কাজটি তিনি করেন তার শহর ভার্জিনিয়াতে বসে। এখানেই শেষ নয়, ১৪ বছর বয়সে তিনি তার বোনকে জানিয়েছিলেন, অনলাইনে তার বিক্রয়যোগ্য জিনিসগুলো ১০০ ডলার করে বিক্রি করতে চান। শহর থেকে দূরে এবং হাতের কাছেই এমন সুযোগ পাওয়ার কারণে তার এই ব্যবসাটি ভালো জমে ওঠে। শুরু করার বেশ কিছুটা সময় পর তা এমনকি ই-বে-এর বিক্রির রেকর্ডকেও ছাড়িয়ে যায়। স্বভাবতই সকলের নজর কাড়ে বিষয়টি। এর কিছুদিনের মধ্যেই তিনি অনলাইনেই কেনাবেচার একটা কোম্পানি খুলে ফেলেন। এর আরও তিন বছরের মধ্যে তার প্রতিষ্ঠান প্রতি দিন ১৫ হাজার ডলারের মতো আয় করতে শুরু করে। খুব মজা করে তিনি তার প্রথম মিলিয়ন ডলার আয় করার গল্পটি বলেন, ‘হাই স্কুল গ্র্যাজুয়েশন শেষ করার আগেই আমি মিলিয়ন ডলারের মালিক হয়ে যাই। যা আমাকে মোটামুটি ভয়ই পাইয়ে দিয়েছিল।’ এই অর্থ নিয়ে নতুন উদ্যমে তিনি ব্যবসা শুরু করলেন। তিনি বাজারে ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে থাকেন খুচরা বিক্রেতাদের কাছ থেকে এবং সেগুলো অনলাইনে বিক্রির জন্য মজুদ করতে থাকেন। ভালোই ব্যবসা করেছিল সেসময় তার ওয়েব সাইটটি। এরপর তিনি একজন দক্ষ প্রোগ্রামার নিয়োগ করেন তার কাজের সুবিধার জন্য। শুরু হয় প্রফেশনালি ওয়েব-অনলাইন মার্কেটিংয়ের কাজ। এভাবে একসময় সাইটটি বিজ্ঞাপনের সাইট হিসেবেও জনপ্রিয়তা পেয়ে যায়। ২০০০ সাল, তার বয়স তখন ১৬, তিনি আমেরিকার সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি যিনি টোকিও ধাঁচের ব্যবসাভিত্তিক প্রতিষ্ঠান চালু করেন। এ সময় তার লেখা প্রথম বই ‘১৬ বছর বয়সী সিউও’ প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রে। দেশের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায় এটি। ২০০৮ সালের জানুয়ারিতে তার লেখা দ্বিতীয় বইটি প্রকাশিত হয়। সেটিও ব্যাপক আলোচিত হয়। তার এই বইটির নাম, ‘সফলতার শর্তাবলি’ বইটি মূলত সফল উদ্যোক্তা হওয়ার ১৯টি উপায় নিয়ে রচিত। পরবর্তীতে অনেকগুলো ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়। তার ব্যবসায়িক জীবনের সাফল্যের সাথে যোগ হয় জনপ্রিয় লেখকের স্বীকৃতি। তার এই সাফল্যের খবর পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকাতে ফলাও করে প্রচারিত হয়। টেলিভিশনে প্রচার করা হয় তার সাক্ষাত্কার। বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতে থাকেন। যেমন, অপেরা শো, ফক্স নিউজ, সিএনবিসি এবং নিউ ইয়র্ক টাইমসের মতো গুরুত্বপূর্ণ পত্রিকাতে। এরপর ২০০৯ সালে তিনি অপেরার সাথে জড়িত হন। এখানেও সাফল্য তার পিছু নেয়। খুব অল্প সময়ের মাঝে তিনি ‘অপেরাস বিগ গিভ’ খেতাব লাভ করেন। আর তার ব্যবসায়িক সত্তা এই অপেরার মাঝেও বিনিয়োগের সুযোগ খুঁজে পায়। বর্তমানে তিনি অপেরার অনেক বড় একজন বিনিয়োগকারী হিসেবে পরিচিত। বলাবাহুল্য তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন। অপেরায় তার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি একজন ভালো অভিনয় শিল্পীর সুনামও তাকে এনে দেয়। সে বছর তিনি আমেরিকার ১০ জন কনিষ্ঠ সফল ভার্জিনিয়ানদের তালিকায় নাম লেখান। এরপর ২০১০ সালের শুরুর দিকে, তাকে ‘বিট দ্য বস’ নামের এক সিরিজের হোস্ট ভূমিকায় দেখা যায়। তার নিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানটির জনপ্রিয়তা এত বৃদ্ধি পায় যে, তার নামের সাথে ‘দ্য বস’ উপাধি যোগ হয়। এই কাজের মাধ্যমে তার সফলতার পরিধি আরও বেড়ে যায়। তিনি সে বছরই শহরের গণ্ডি পেরিয়ে আমেরিকার কনিষ্ঠ শীর্ষ ১০ সফলদের একজন হিসেবে স্বীকৃতি লাভ করেন। জুনিয়র চেম্বর অব অ্যাসোসিয়েশন তাকে এই স্বীকৃতি দেয়। মিডিয়ার সাথে সম্পৃক্ততার কারণে যে তার মূল ব্যবসা, অর্থাত্ অনলাইনে কেনাবেচার যে কোনো ক্ষতি হয়েছে তা কিন্তু নয়। তিনি অত্যন্ত সফলতার সাথে সব দিক সামলে চলেছেন। প্রচুর পরিশ্রমী হওয়ার কারণেই তিনি এই অসাধ্যটি সাধন করেছেন। ভাগ্য নয়, মেধা ও পরিশ্রমই তাকে এসব সফলতা এনে দিয়েছে বলে জানান তিনি। ব্যবসা, অভিনয় ও লেখালেখির পাশাপাশি তিনি সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও জড়িত রয়েছেন। তবে সবধরনের পরিচয়ের মাঝে অভিনেতা হিসেবেই তিনি এখন বেশি জনপ্রিয়। হলিউডের বেশ কিছু বড় বাজেটের সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার অভিনয় করা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে ‘দ্য হাঙ্গার গেমস’। ইতোমধ্যেই জেনিফার লরেন্সের সাথে তার জুটিটি যথেষ্ট নাম কামিয়েছে। সম্প্রতি এই সিনেমার সিক্যুয়েলের কাজ চলছে। খুব শিগগিরই সিক্যুয়ালটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। আর তাতে জুটি হিসেবে এবারও থাকছেন, জস এবং জেনিফার লরেন্স।