কা জী জী য়া উ দ্দী ন

আপডেট : ১৯ মে ২০১৩, ২০:২৪
আমরা সবাই সরকারি চাকরিতে আসার পেছনে দেশসেবা, সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি অবশ্যম্ভাবী কারণগুলোর পাশাপাশি আরও অনেক বিষয় চিন্তা করি। কেউ কেউ পছন্দ করি দেশ-বিদেশে ভ্রমণ এবং আন্তর্জাতিক মানের জীবনযাত্রা, তাদের ক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডার হয়ে দাঁড়ায় প্রথম পছন্দ। কেউবা দেশের নীতিনির্ধারণে সরাসরি গুরুত্বপূর্ণ অবদান রাখার কথা চিন্তা করি, প্রশাসন ক্যাডার সেক্ষেত্রে পছন্দক্রমের শুরুতেই চলে আসে। কারও কারও ক্ষেত্রে আবার ঝুঁকিপূর্ণ কিন্তু চ্যালেঞ্জিং জীবনযাত্রার হাতছানি অগ্রাহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে পুলিশ ক্যাডার তুলে দিই পছন্দক্রমের শীর্ষে। এ রকমই একজন কাজী জীয়াউদ্দীন, তিনি অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর জেনারেল হিসেবে কাজ করছেন বাংলাদেশ পুলিশে। প্রকৃতির হাতে গড়া জাদুঘর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তিনি। সেখানে থাকতেই বিতর্কসহ অনেক কাজেই সক্রিয় ছিলেন। চাইতেন দেশের জন্য কিছু করতে। এমনই এক ভাবনা থেকে পুলিশে আসবেন ঠিক করেন, আর সেই জন্যই বিসিএসে প্রস্তুতি নিতে থাকেন। সেই সুবাদে হয়েও যায়। সহকারী পুলিশ সুপার হিসেবে তার চাকরি শুরু, প্রথম চাকরিস্থলটি ছিল রাঙামাটি। তারপর চট্টগ্রাম আর্ম পুলিশ ব্যাটেলিয়ানে ছিলেন বেশ কিছুদিন। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-এর চট্টগ্রাম আর ঢাকা জোনেও সিনিয়র এএসপি হিসেবে কাজ করার সুযোগ হয় তার। তারপর কঙ্গোতে চলে যান প্রজন্মের এই পুলিশ অফিসার। বিদেশি মিশনে বাংলাদেশ পুলিশের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এসে কিছুদিন রাঙামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন। সেখানে দায়িত্ব পালন শেষে পুলিশের নতুন বিভাগ পিআইওতে দুই বছর কাজ করেন তিনি। অতঃপর পুলিশ মহাপরিদর্শকের পারসোনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর। তারপরই পদোন্নতি নিয়ে ক্রাইম ডিভিশনের এআইজি হন তিনি। তারপর একই পদে মিডিয়া ডিভিশনে দায়িত্ব পালন করেন। কাজী জীয়াউদ্দিন মনে করেন, একটি দেশের পুলিশ বাহিনী সে দেশের মানুষের চমত্কার একটি প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। এখানে কাজের অনেক ভালো সুযোগ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘একজন এএসপি প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথেই শুধুমাত্র তার জন্য বরাদ্দ হিসেবে বাড়ি, গাড়ি, ড্রাইভার, বডিগার্ড ইত্যাদি পেয়ে থাকেন যদি তিনি কোনো সার্কেল বা জোনে পোস্টিং পান। পুলিশ ক্যাডারে দেশের বাইরেও কাজ করার অনেক সুযোগ রয়েছে, এটাকে নিজের জানার পরিধি বাড়ে। পুলিশ ক্যাডারের সদস্যরা আমেরিকার এফবিআই, ইতালির কারাবিনিয়ারি, ইংল্যান্ডের স্কটল্যান্ড ইয়ার্ড, মালয়েশিয়ার রয়াল পুলিশসহ পৃথিবীর মোটামুটি অধিকাংশ উন্নত দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পেয়ে থাকেন। চাকরির সুবাদে প্রায় প্রতিটি সিনিয়র অফিসারই বিশ্বের প্রধান প্রধান দেশগুলো ভ্রমণ করেন। এই বিষয়টাও অনেককে পুলিশ ক্যাডারে চাকরি করতে আসার জন্য ইতিবাচক ধারণা তৈরি করে।’ কাজী জীয়াউদ্দিনের বাবা ছিলেন সরকারী কলেজের অধ্যাপক। বন্দরনগরী চট্টগ্রামেই কেটেছে তার শৈশব কৈশোর। স্ত্রী শারমিন ফারজানা আর দুই সন্তান ফাইরুজ ফাইজা আর ঝুমাইয়া আজরীনকে নিয়েই রচিত হয় তার এখনকার দিনলিপি। বাবা এখন তাদের মাঝে নেই, তবুও তার আদর্শ ধারন করেই পথ চলেছেন তিনি। ছবি তুলেছেন দীপঙ্কর দীপ কাজী জীয়াউদ্দীন ডাকনাম :শওকী জন্মতারিখ ও স্থান :২২ ডিসেম্বর, চট্টগ্রাম মায়ের নাম :হুমায়রা খানম বাবার নাম :অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন প্রথম স্কুল :চট্টগ্রাম গভ. হাই স্কুল প্রিয় মানুষ :আমার বাবা প্রিয় পোশাক :টি-শার্ট, জিন্স অবসর কাটে যেভাবে :ফিল্ম দেখে, বই পড়ে সাফল্যের সংজ্ঞা :বারবার প্রতিবন্ধকতা সত্ত্বেও ইতিবাচক কোনো সূচনা।