জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিতব্য বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা। এর মধ্যে ভারত দেবে ৪০ ভাগ। আশা করা হচ্ছে, শুটিং চলতি বছরের নভেম্বরে শুরু হবে। ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় মঙ্গলবার মতৈক্য হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বাকি চার সদস্য হলেন তথ্য সচিব আবদুল মালেক, বিএফডিসির পরিচালক (প্রডাকশন) নুজহাত ইয়াসমিন, মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র বিভাগ) প্রতাপ চন্দ্র বিশ্বাস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এর নির্মাতা রেজাউর রহমান খান পিপলু। ভারতের পক্ষে এতে অংশ নেন প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল, দেশটির দূরদর্শন টিভি ও অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তারা।
শ্যাম বেনেগাল বলেন, ‘৭ মে সারাদিন আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণে প্রচুর গবেষণা দরকার। এরপর বিভিন্ন ভাষা অনুযায়ী ছবিটির চিত্রনাট্য তৈরি হবে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর সংগ্রাম, জীবন ও বাংলাদেশের স্বাধীনতা তুলে ধরা হবে।’
জাতির জনক বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। তিনি জানান, চলচ্চিত্রের পাণ্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভূমি গবেষণার কাজে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। বেশ কিছুদিন থাকতে হতে পারে। তাঁকে সহায়তা করবেন বাংলাদেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব পিপলু খান।
এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
