বিশ্বকাপের লম্বা সফরে অনেক ক্রিকেটারই পরিবারের সদস্যদের কাছে রাখতে চাইছেন। ভারতের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। তারা চান লম্বা এ সফরে স্ত্রী বা পরিবারের সদস্যরা যেন তাদের কাছে থাকেন। কিন্তু ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, পুরো টুর্নামেন্টে পরিবারকে পাশে পাবেন না খেলোয়াড়রা।
ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, টুর্নামেন্টের ২১ দিন পার হওয়ার আগে কোনো ক্রিকেটারের পরিবার তার সঙ্গে যোগ দিতে পারবেন না। তার মানে ভারত-পাকিস্তান ম্যাচ মিস করবেন পরিবারের সদস্যরা। এই ২১ দিন পর থেকেও শেষ পর্যন্ত থাকতে পারবেন না এই পরিবারের সদস্যরা। সর্বোচ্চ ১৫ দিন কোনো ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবেন তার পরিবারের সদস্য। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এর আগে অস্ট্রেলিয়া সফরে পুরো সফর পরিবারের সদস্যদের থাকার অনুমতি দিয়েছিল ভারতীয় বোর্ড। শুরু থেকে এই সদস্যদের সঙ্গে রাখতে গিয়ে ম্যানেজমেন্টের বিরূপ অভিজ্ঞতা হয়েছে বলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বোর্ডের এক সদস্য বলেছেন, কোন পনেরো দিন পরিবারের সদস্য সঙ্গে থাকবেন, সে সিদ্ধান্ত খেলোয়াড় নিজে নিতে পারবেন।
