পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সমন্বিত বাজার অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বাজার অভিযানের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, র্যাব, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই, জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
পণ্যের বাজার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে বাজার অভিযান পরিচালনা করবে। যাতে একই বাজারে একাধিক প্রতিষ্ঠান অভিযান পরিচালনা না করে। বাজার যাতে কোনো অবস্থাতেই অস্থিতিশীল না হয়, সে দিকে কঠোর নজরদারি থাকবে। কোনো পণ্য যাতে অবৈধ ভাবে মজুত করে কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করা না হয়, সে দিকেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নজরদারি জোরদার করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কমিটি গঠন করে বাজার মনিটরিং জোরদার করেছে।
